এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে রিক সূত্রধর (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিক সূত্রধর ওই এলাকার নান্টু সূত্রধরের ছেলে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রিক স্বজনদের সঙ্গে সড়কের পাশে অবস্থান করছিল। একপর্যায়ে সে মহাসড়ক পার হওয়ার সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী ঢাকা মেট্রো-ম (১১-৮৭৭৬) নম্বরের ‘STEAD FAST’ কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যান তাকে চাপা দেয়। এতে সে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর কাভার ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় জাউয়া বাজার এলাকা থেকে কাভার ভ্যানটি আটক করা হয়। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, “দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার ভ্যানটি জাউয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন