
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। চার ঘণ্টার অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি লিস্টার মেশিন অকেজো করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া দুটি ট্রাক বিকল এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লাখেরপাড় (আসামপাড়া), পূর্ব লাখেরপাড় গ্রাম ও জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগিতা করে।
অভিযান শেষে সহকারী কমিশনার ফাহিম ইবনে ইদ্রিছ জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।
জাফলংয়ের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন