এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বিছনাকান্দি সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

Daily Jugabheri
প্রকাশিত time ago 8 hours
বিছনাকান্দি সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় পাথর আনতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করে বিএসএফ সদস্যরা।

আটক শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মরকিটিলা এলাকায় জিরো পয়েন্টের কাছাকাছি অন্য শ্রমিকদের সঙ্গে পাথর আনতে যান শাহরিয়ার। একপর্যায়ে পাথর সংগ্রহ করতে গিয়ে তিনি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া করলে তার সহযোগীরা বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও শাহরিয়ারকে আটক করে নিয়ে যায়।

শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তার ছেলে কানে কম শোনে। সকালে তাকে হাদারপার বাজারে একটি দোকানে পাঠানো হয়েছিল। কিন্তু সে পাথর আনতে মরকিটিলা এলাকায় গিয়ে ভুলবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে বিএসএফ তাকে আটক করে। এ বিষয়ে তিনি বিজিবির বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সঙ্গে কথা বলেছেন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাকে আটক করেছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে, এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিছনাকান্দি পর্যটন স্পট এলাকায় বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে এক পর্যটককে বিএসএফ সদস্যদের গালিগালাজ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিজিবি সদস্যরা অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করে হেফাজতে নেন। পরে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে ১২৬৩ নম্বর পিলারসংলগ্ন সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের প্রায় সাত ঘণ্টা পর আটক বিএসএফ সদস্যকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
21 November 2026

বিছনাকান্দি সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

বিস্তারিত কমেন্টে