
যুগভেরী ডেস্ক ::: সিলেটে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই নগরজুড়ে শুরু হয় নানা আয়োজন, যার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।
জেলা প্রশাসনের উদ্যোগে সকালেই বের করা হয় বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি সিলেট সার্কিট হাউজ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সারদা হলে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বর্ণিল সাজ, মুখোশ ও প্ল্যাকার্ডে সাজানো শোভাযাত্রা নগরজুড়ে সৃষ্টি করে উৎসবের আমেজ।
এদিকে সকাল থেকেই সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে বৈশাখী উৎসবের। গান, নৃত্য, আবৃত্তি ও লোকজ পরিবেশনায় মুখর হয়ে ওঠে নগরীর বিভিন্ন স্থান। এসব আয়োজনে অংশ নিয়ে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করেন সংস্কৃতিপ্রেমীরা।
নতুন বছরকে ঘিরে সিলেটবাসীর এ প্রাণবন্ত অংশগ্রহণ যেন বাঙালীর চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যেরই প্রতিচ্ছবি।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন