ঈদে ৯৯ শতাংশ শ্রমিকদের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না-মন্ত্রী আরিফুল হক
ঈদে ৯৯ শতাংশ শ্রমিকদের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না-মন্ত্রী আরিফুল হক
Daily Jugabheri
প্রকাশিত time ago 1 hour
যুগভেরী ডেস্ক ::: ঈদে ৯৯ শতাংশ শ্রমিকদের বোনাস প্রদান করা হয়েছে। গত ঈদের মত এই ঈদেও ন্যায্য পাওনা নিয়ে বাড়ি ফিরেছেন শ্রমিকরা। এমনটা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার বিকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।এসময় ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকারের কঠোর তদারকির কারণে অধিকাংশ শিল্পকারখানায় শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে এবং শ্রমিকরা হাসিমুখে বাড়ি ফিরছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কোথায় সমস্যা হয়েছে, আমাকে দেখান। আমি নিজে মাঠে থেকে খোঁজখবর রাখছি। এখন পর্যন্ত ৯৯ শতাংশ শ্রমিকের পাওনা পরিশোধের কাজ সম্পন্ন হয়েছে। কিছু কারখানায় মে মাসের পূর্ণ বেতন দেওয়ার সময় না হলেও শ্রমিকদের ১৫ দিনের অগ্রিম দেওয়া হয়েছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের সমস্যা নেই।’
তিনি আরও বলেন, ‘গত ঈদেও শ্রমিকরা স্বস্তি নিয়ে বাড়ি ফিরেছেন। এবারও সবাই ন্যায্য পাওনা নিয়েই পরিবারের কাছে যাচ্ছেন।’
শ্রমিকদের পাওনা নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি নিয়মিত তদারকি করছি। বাস্তব পরিস্থিতি অনেক ভালো।’
বিদেশে চাকরির নামে প্রতারণার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ‘বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে যারা প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।’
মন্ত্রী কুরবানীর পর বর্জ্য যেন যথাযথ স্থানে রাখা হয় সে আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বদরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শাহী ঈদগাহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, ঈদে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। তিনি জানান বেশিরভাগ ফোর্সকে ছুটি দেওয়া হয়নি। বিশেষ করে অপারেশনাল ইউনিটকে। দিনে নির্ধারিত ডিউটির পর রাতেও দায়িত্ব পালন করছে পুলিশ।
পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী আরও জানান, নিয়মিত ৪০ টি মোবাইল টিমপর পাশাপাশি ১০-১২ টি বাইক পেট্রোল মাঠে কাজ করছে। ঈদের জামাত নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করা হবে। পর্যটকদের নিরাপত্তায়ও সকল ব্যবস্থা নেয়া হবে।