এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

খালি পায়ে দেশের মাতৃভূমির মাটির ঘ্রাণ নিলেন তারেক রহমান

Daily Jugabheri
প্রকাশিত ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৫
খালি পায়ে দেশের মাতৃভূমির মাটির ঘ্রাণ নিলেন তারেক রহমান

যুগভেরী ডেস্ক ::: দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। দীর্ঘদিন পর দেশে ফিরে বিমান থেকে নেমে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। বিমানবন্দর থেকে বের হয়েই জুতা খুলে খালি পায়ে মাতৃভূমির মাটি ছুঁলেন তিনি। পরে তিনি হাতে তুলে নেন এক মুঠো মাটি।

নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে খালি পায়ে মাটি স্পর্শের অনুভূতি প্রকাশ করেন তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘খালি পায়ে দেশের মাটিতে।’ এই পোস্টের সঙ্গে খালি পায়ে মাটি ছোঁয়ার ভিডিও প্রকাশ করেন তিনি।

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। এদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিমানবন্দর থেকে বের হয়ে সরাসরি ৩০০ ফিট এলাকায় যাচ্ছেন তারেক রহমান। সেখানে তিনি সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২৫ ডিসেম্বর ২০২৫

খালি পায়ে দেশের মাতৃভূমির মাটির ঘ্রাণ নিলেন তারেক রহমান

www.jugabheri.com