এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

কাতারসহ ৪ দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সকল ফ্লাইট বাতিল

Daily Jugabheri
প্রকাশিত ২৪ জুন, মঙ্গলবার, ২০২৫
কাতারসহ ৪ দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সকল ফ্লাইট বাতিল

যুগভেরী ডেস্ক ::: ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। এদিকে আরও হামলার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। যার ফলস্বরূপ, রাজধানী ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় ও এই চার দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যৌথ ঘোষণায় জানিয়েছে, সাধারন নাগরিক, অধিবাসী এবং ভ্রমণকারীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় পরবর্তী কোন নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোতে আগমন ও বহির্গমন- দু’ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।

এই আকস্মিক সিদ্ধান্তে বাংলাদেশ থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ, গালফ এয়ারসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স ইতোমধ্যে তাদের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে, এই অবস্থায় নির্ধারিত যাত্রার আগেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা নিতে।

তারা আরও জানিয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর আপডেট পাওয়া মাত্র যাত্রীদের দ্রুত অবহিত করা হবে।

উল্লেখ্য, এই সিদ্ধান্তের আগে সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালায়, যার পরপরই এই চারটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন