
নিজস্ব সংবাদদাতা , মধ্যনগর : বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওরবেষ্টিত সাত জেলায় বজ্রপাতে প্রায়ই প্রাণহানি ঘটছে।
দেশের সাত জেলায় বজ্রপাতে একদিনে স্কুলছাত্র, কৃষক-কৃষাণীসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৫ জন, কিশোরগঞ্জে ৩ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ জন, নোয়াখালীতে ২ জন, নেত্রকোনায় ২ জন, মৌলভীবাজারে ১ জন, চাঁদপুরে ১ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছর ঝড়-বৃষ্টির মৌসুম শুরু এক দিনে সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ। গত সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদেশে কালবৈশাখী ঝড়ের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এরপর মঙ্গলবার(২৯ এপ্রিল) বরগুনায় বাবার বাড়িতে বেড়াতে এসে ২ সন্তানের জননী পোলেনুর বেগম (২৫) ও কক্সবাজারের ঈদগাঁওয়ে বজ্রপাতে আবু তালেব (২৮) নামে এক লবণ মাঠের শ্রমিকের বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আবহাওয়াবিদরা বলছেন, মে মাসজুড়ে বজ্রপাত ও কালবৈশাখীর পূর্বাভাস আছে।
দেশের বজ্রপাত পরিস্থিতি এবং হতাহতের ঘটনা পর্যবেক্ষণ করে বেসরকারি সংগঠন ডিজাস্টার ফোরাম। প্রতিষ্ঠানটির হিসাবে, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বজ্রপাতে প্রাণ গেছে ৩ হাজার ৮৭০ জনের, অর্থাৎ প্রতিবছর ২৭৬ জনের বেশি। সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ২০২১ সালে- ৩৮১ জন। চলতি বছর ২৯ এপ্রিল পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে।
বজ্রপাতে হতাহতের ঘটনাবলীর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ২০১২ সালের ১০ আগস্ট সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে সেই রাতের বজ্রপাতের ঘটনা। যেখানে স্থানীয় পাঞ্জেগানা মসজিদে তারাবির নামাজরত ১৩ জনের একসঙ্গে মর্মান্তিক মৃত্যু হয়। নিহত প্রায় সবাই ছিলেন প্রান্তিক কৃষক ও দিনমজুর। হাওরাঞ্চলে বজ্রপাতের প্রবণতা বেশি থাকায় বৈরী আবহাওয়ায় এখানের মানুষ ভীষণ আতংকে থাকেন।
আবহাওয়ার পরিসংখ্যান বলছে, দেশে বজ্রপাতে বছরে গড়ে মারা যান ৩২০ জন। এটা পৃথিবীর যেকোনো দেশের তুলনায় বেশি। তবে লক্ষণীয়, বজ্রপাতে মৃত্যুর শিকার সবাই গরিব। বিশেষ করে কৃষক ও জেলে।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়েছে, এর একটি বড় কারণ বড় গাছ কেটে ফেলা। জনসংখ্যা বেড়ে যাওয়াও অন্যতম কারণ। এ ছাড়া আবহাওয়ার ধরন বদলে গেছে। মৌসুমি বৃষ্টিপাত কিছুটা সরে গেছে। মৌসুমের আগে পরে বৃষ্টিপাত ও বজ্রপাত বেড়েছে।
পিয়ার-রিভিউ জার্নাল হেলিয়ন এ প্রকাশিত গবেষণা ‘বাংলাদেশে বজ্রপাত পরিস্থিতির ওপর জিআইএস-ভিত্তিক স্থানিক বিশ্লেষণ’ এ বলা হয়েছে, বেশিরভাগ প্রাণহানি বর্ষা পূর্ববর্তী মৌসুম এবং বর্ষা ঋতুতে ঘটে, যার মধ্যে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল বিশেষ করে সুুনামগঞ্জ জেলা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা।
এতে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বাংলাদেশে আবহাওয়ার ধরন ও বৈশিষ্ট্য ব্যাপকভাবে পরিবর্তিত হচ্ছে। যার ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ এবং ঋতু পরিবর্তনের মতো ঘটনা ঘটছে। এ কারণেই বজ্রপাত বাড়ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে ৩০০ মানুষ মারা যায়। যেখানে যুক্তরাষ্ট্রে বজ্রপাতের কারণে বছরে ২০ জনেরও কম মৃত্যু ঘটে।
বাংলাদেশ সরকার ২০১৬ সালে বজ্রপাতকে একটি প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করে এবং রাস্তার পাশে প্রায় ৫ মিলিয়ন পাম গাছ লাগানোর উদ্যোগ নেয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পটি এখনও প্রত্যাশিত ফলাফল দেয়নি। কারণ যে গাছগুলো রোপণ করা হয়েছিল সেগুলো বড় হতে অনেক সময় নেয়।
এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজুয়ানুর রহমান বলেন, যেসব খোলা মাঠে গাছ কম সেখানে লাইটনিং অ্যারেস্টার স্থাপনের অনুমোদনের জন্য আমরা পরিকল্পনা কমিশনে একটি প্রস্তাব পাঠিয়েছিলাম। তারা আামাদেরকে সম্ভাব্যতা যাচাই করতে বলেছেন। আমরা সেটা করবো।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আগাম সতর্কবার্তা পাঠাতে আটটি বজ্রপ্রবণ জেলায় বজ্রপাত শনাক্তকরণ সেন্সর স্থাপন হচ্ছে। আমরা বজ্রপাত শুরু হওয়ার ৩০ মিনিট আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে বার্তা পাঠাই। আমরা একটি পাইলট প্রকল্পও চালাচ্ছি যাতে নির্দিষ্ট এলাকায় উপস্থিত লোকজনকে বার্তা পাঠানো যায়।
হাওরএলাকার বেসরকারি উন্নয়ন সংস্থা জনাশিউস এর সভাপতি সাজেদা আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ গবেষণায় পত্রে দেখা যায়, মার্চ থেকে জুন এই সময়কালে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জ। তাই সুনামগঞ্জের হাওরাঞ্চলের মানুষকে বাঁচাতে অবিলম্বে বজ্র ঠেকানোর জন্য বিজ্ঞান ও বাস্তব সম্মত উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি মনে করি প্রতিটা হাওরে হাওরে, হাওর জনপদে বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা অতি জরুরী।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের দ্বায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.রেজাউল করীম বলেন, সুনামগঞ্জ হাওর বেষ্টিত এলাকা। প্রত্যেক বছর এখানে বজ্রপাতসহ বৃষ্টিপাত হয়ে থাকে। বিস্তীর্ণ এলাকা বলে এখানে প্রত্যেক বছর বজ্রপাতে বেশ কিছু লোকের প্রাণহানি ঘটে থাকে। সেটা সুনামগঞ্জে পরিমাণে অনেক। সরকার এই বিষয়ে যথেষ্ট সচেতন আছে। বজ্রপাতে প্রাণহানি কমাতে সরকার চেষ্টা করছে । এ জ্ন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন হাওরে বজ্রপাত থেকে সুরক্ষা পেতে শেড নির্মান করা হচ্ছে। ইতিমধ্যে ১০-১২ শেড নির্মাণ করা হয়েছে,আরও হবে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন