
যুগভেরী ডেস্ক ::: গাইবান্ধা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল ওয়ারেছ আকন্দ বলেছেন, শিক্ষার হার বাড়লেও কাঙ্ক্ষিত মান বাড়েনি। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার ভিত্তি হলো মা, আর তারপরের ভিত্তি হলেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। তাই শিক্ষার মান উন্নয়ন করতে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে, তবেই একটি বহুমুখী জাতি তৈরি হবে। এ সময় তিনি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের গ্রেডেশন সহ বিভিন্ন সমস্যার কথা জাতীয় সংসদে তুলে ধরবেন বলে উল্লেখ করেন।
শনিবার (২১ নভেম্বর ) সকালে সিলেটের দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে ‘শিক্ষার মান-উন্নয়ন, শিক্ষকদের দাবী ও জাতির প্রত্যাশা বিষয়ক আলোচনা ও শিক্ষক প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ, সিলেট বিভাগের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি আরও বলেন, আমাদের শিক্ষার হার বৃদ্ধি হয়েছে, তবে শিক্ষার মান বৃদ্ধি হয়নি। সেজন্য প্রাথমিক স্তর থেকেই শিক্ষার মান বৃদ্ধি করতে হবে এবং সেই দায়িত্ব আপনাদেরকেই পালন করতে হবে।
দক্ষ মানবসম্পদ ও কর্মদক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বৈষম্যহীন সামাজিক সমতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসারণ ঘটাতে হবে। এ সময় তিনি মাল্টিমিডিয়া ক্লাসরুম গঠন এবং বাংলা ও ইংরেজিসহ ৩০টি ভাষা শিক্ষাকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের সিলেট বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মো: আবুল খায়ের এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ফয়সাল আহমদ সুবাহদার এর পরিচালনায় সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি ড. মো: সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ জালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো: আব্দুল হান্নান এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের সেক্রেটারী জেনারেল মো: মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ, সুনামগঞ্জ জেলা সভাপতি জসিম উদ্দিন, মৌলভীবাজার জেলা সভাপতি সহিদুর রহমান, হবিগঞ্জ জেলা সভাপতি সোহেল আহমদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সেক্রেটারি অজিত চন্দ্র পাল, সিলেট মহানগর সভাপতি সিরহান কবির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আহাদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি আব্দুল কাইয়ুম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিলেট জেলা সভাপতি গোলাম রব্বাস হাসনু, সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মসরুর আহমদ, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, দোয়ারাবাজার উপজেলার দিলওয়ার হোসেন, লুৎফুর রহমান, সুনামগঞ্জ সাইফুল ইসলাম, তাইফুল ইসলাম, নুরুল হক, সিলেট সদর আলা উদ্দিন মানিক, মৌলভীবাজার ফখর উদ্দিন, গোলাপগঞ্জ আবুল কালাম আজাদ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এখলাছুর রহমান। এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন