
যুগভেরী ডেস্ক ::: দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান বলেছেন, মানবতার মুক্তিসনদ মহাগ্রন্থ আল-কুরআন হচ্ছে জীবন পরিচালনার গাইডলাইন। কুরআন শুধু মুখস্থ করলেই হবে না, এর মর্মার্থ অনুধাবন করে গভীরভাবে অধ্যয়ন করতে হবে। কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে জীবন পরিচালনা ও সুন্দর সমাজ গঠনে আত্মনিয়োগ করতে হবে।
তিনি বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, অন্যায়, দুর্নীতি ও মূল্যবোধের সংকট থেকে উত্তরণে কুরআনের শিক্ষার চর্চা অত্যন্ত জরুরি। একজন প্রকৃত হাফেজের জীবনাচরণে কুরআনের শিক্ষা ও আদর্শের প্রতিফলন থাকতে হবে। সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, দায়িত্ববোধ ও পরোপকারের গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কুরআনের শিক্ষার আলোকে নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে উঠলে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর হবে এবং একটি শান্তিপূর্ণ, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি শনিবার (২১ নভেম্বর) তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ড সিলেট আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ হাফিজিয়া দাখিল মাদ্রাসা ক্যাম্পাসে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান শায়খ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-ঊন-নূর।
বিশেষ অতিথির বক্তব্যে মুকতাবিস-ঊন-নূর বলেন, দ্বীন ও দুনিয়ার মধ্যে কোনো বিরোধ নেই। বরং ইসলামের সঠিক শিক্ষা মানুষকে দুনিয়ার জীবন সুন্দরভাবে পরিচালনা এবং পরকালীন মুক্তির পথ দেখায়। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও সমসাময়িক বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। কুরআনের জ্ঞান ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দুনিয়াবি শিক্ষায় যোগ্যতা অর্জন করে দেশ, জাতি ও মানবতার কল্যাণে ভূমিকা রাখতে হবে। দ্বীনি শিক্ষায় শিক্ষিত নতুন প্রজন্মকে সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বোর্ডের সচিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী ও সহকারী সচিব ড. মাওলানা এ এইচ এম সোলায়মান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গ্রীণ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ জসিম উদ্দিন, ইক্বরা ট্রাভেলসের পরিচালক মোহাম্মদ আব্দুল কাদির, পরীক্ষক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, হাফিজ আব্দুল ওয়াহিদ, হাফিজ আব্দুল আহাদ, হাফিজ মুজিবুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল হালিম, হাফিজ মশাহিদ আহমদ, হাফিজ শাহ আলম ও হাফিজ রশিদ আহমদ প্রমূখ।
হিফজুল কুরআন প্রতিযোগিতার ১০ ও ২০ পারা বিভাগে সিলেটের বিভিন্ন মাদ্রাসার ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন