
সুবর্ণা হামিদঃ রাশিয়া থেকে ৩৫ জন বাংলাদেশি কর্মীকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউআর–৬৩৮ নম্বর ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)–এর ছাড়পত্রের মাধ্যমে ২০২৫ সালের জুলাই মাসে লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সি কাশিপুর ওভারসিজ (রিক্রুটিং লাইসেন্স নং–আরএল–১৩১৭) এসব কর্মীকে রাশিয়ায় পাঠায়।
ফেরত আসা কর্মীরা জানান, রাশিয়ায় পৌঁছানোর পর তারা নিয়মিতভাবে কাজ শুরু করলেও কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের চাকরি বাতিল করে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। এতে কর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, ইতোমধ্যে মোট ১২০ জন বাংলাদেশি শ্রমিককে পর্যায়ক্রমে চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তারই অংশ হিসেবে আজ প্রথম ধাপে ৩৫ জন কর্মী দেশে ফিরছেন।
এ বিষয়ে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত টিআইপি হিরো অ্যাওয়ার্ডপ্রাপ্ত আল-আমিন নয়ন বলেন-বিদেশে কর্মী পাঠানোর পর তাদের চাকরির নিরাপত্তা ও চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি এবং রাষ্ট্রের দায়িত্ব। কোনো ব্যাখ্যা ছাড়াই শ্রমিকদের চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠানো স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ ধরনের ঘটনায় দায়ী পক্ষের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি, বিএমইটি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগী কর্মীরা তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন