
বিন্দু তালুকদার, সুনামগঞ্জ
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব সিমেন্ট কারখানা সুনামগঞ্জের ‘ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড’ এর পুরনো (স্ক্যাপ) মালামাল বিক্রয়ের দরপত্রে অংশ নিতে জালিয়াতির মাধ্যমে কয়েক শত টাকার পে-অর্ডারকে ঘষামাজা করে কয়েক কোটি টাকার তৈরি করে দাখিল করার অভিযোগ উঠেছে।
‘বিল্লাল এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান ৭৫ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হওয়া ৬০০ টাকার পে-অর্ডারকে ঘষামাঝা করে ৬ কোটি টাকার পে-অর্ডার বানিয়ে দরপত্রের সাথে দাখিল করে। গেল ২৫ মে রবিবার ‘ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড’ এর প্রধান কার্যালয়ে এই ঘটনা ধরা পড়ে। অভিযুক্ত বিল্লাল এন্টারপ্রাইজের মালিকের নাম বিল্লাল হোসেন, তিনি ছাতকের নোয়ারাই বাজার এলাকার বাসিন্দা।
এমন ভয়াবহ জালিয়াতির ঘটনা জানাজানি হওয়ায় শিল্পনগরী ছাতক উপজেলাজুড়ে তোলপাড় চলছে। পে-অর্ডার জালিয়াতি বিষয়টি দৈনিক আমাদেরসময়কে নিশ্চিত করেছেন, ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুর রহমান।
জানা যায়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) আওতাধীন সরকারি প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানী। এই কোম্পানী পুরাতন ওয়েট প্রসেস কারখানার অব্যবহৃত অকেজো চিহ্নিত বিভিন্ন স্থাপনাসহ স্ক্যাপ মালামাল এক লটে (যেখানে যে অবস্থায় আছে) তা বিক্রয়ের জন্য গত ১০ মার্চ ৫৯ কোটি ৩ লাখ ৪৪ হাজার ৬৬৫ টাকার মালামালের ধারনা দিয়ে পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই সময়ে ৭১টি দরপত্র বিক্রি করা হয়। কিন্তু সিন্ডিকেট করে দরপত্র জমা দেওয়া হয় মাত্র ৩টি। মেসার্স মমিনুল হক নামের একটি প্রতিষ্ঠান ৪৮ কোটি টাকার সর্বোচ্চ দর দাখিল করলেও সন্তোষজনক না হওয়ায় গেল ৫ মে পুনরায় দরপত্র আহ্বান করা হয়।
দ্বিতীয় দফায় দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী ৫৭টি দরপত্র বিক্রয় করা হয়। গত ২৫ মে রবিবার দরপত্র দাখিলের শেষ দিনে ছাতক সিমেন্ট কোম্পানীর বিভাগীয় প্রধান (বাণিজ্যিক) এর কার্যালয়, সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখা ও সিলেটের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দরপত্র গ্রহণ করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ৮টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেন। গত রবিবার স্থানীয় গণমাধ্যমকর্মী, পুলিশ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে দরপত্র খোলা হয়।
দরপত্রে অংশগ্রহণকারী ৮টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়- বিল্লাল এন্টারপ্রাইজ, প্রতিষ্ঠানটি ৭৫ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা দর উল্লেখ করেন। দ্বিতীয় দরদাতা নির্বাচিত হয় বিছমিল্লাহ সোনালী চেলা ইঞ্জিনিয়ারিং, তাদের দর ৭১ কোটি ১ লাখ টাকা। তৃতীয় দরদাতা নির্বাচিত হয় মেসার্স মো. রাকিব হাসান, দর দাখিল করেন ৬৯ কোটি ৯০ লাখ টাকা। ৪র্থ দরদাতা ‘কর্ণফুলী রিভার্স ট্রান্সপোর্ট’, দর ৬৩ কোটি ১৬ লাখ ৫৫৫ টাকা দাখিল করেন।
সর্বোচ্চ দরদাতা বিল্লাল এন্টারপ্রাইজের দরপত্রের সাথে জমা দেওয়া ছাতক এনআরবিসি ব্যাংক কর্তৃক পে-অর্ডারটি ঘষামাজা থাকায় দরপত্র পরিচালনা কমিটির সন্দেহ হয়। এসময় দ্বিতীয় দরপত্রদাতা মেসার্স বিছমিল্লাহ সোনালী চেলা ইঞ্জিনিয়ারিং তাৎক্ষণিকভাবে পরিচালনা কমিটির কাছে লিখিত অভিযোগ করেন।
বিল্লাল এন্টারপ্রাইজের পে-অর্ডার বিষয়ে এনআরবিসি ব্যাংক এর ছাতক শাখার ব্যবস্থাপক মো. শাখায়াত হোসেন বলেন, ‘ গত ২১ মে আমির আলী নামে এক ব্যক্তি আমাদের ব্যাংক থেকে ছাতক সিমেন্ট কোম্পানীর দরপত্রে অংশ নেওয়ার জন্য ৬০০ টাকার একটি পে-অর্ডার নিয়েছেন। এটি কীভাবে ৬ কোটি টাকার হলো এটা আমার জানা নেই।’
ভুয়া পে-আর্ডারটির বিষয়ে বিল্লাল এন্টারপ্রাইজের মালিক বিল্লাল মিয়ার সাথে কথা বলতে তার মোবাইল ফোনে কয়েক বার যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় লোকজন জানিয়েছেন, পে-অর্ডার জালিয়াতির খবরটি জানাজানি হওয়ার পর বিল্লাল মিয়া গা ঢাকা দিয়েছেন। তাকে এলাকায় দেখা যাচ্ছে না।
ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুর রহমান বলেন, ‘ বিল্লাল এন্টারপ্রাইজের দরপত্রের সাথে দাখিল করা পে-অর্ডারটি ঘষামাজা করা। ব্যাংক কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার আমাদেরকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। একটি অভিযোগও পাওয়া গেছে। শুধু বিল্লাল এন্টারপ্রাইজের পে-অর্ডারই নয় আমরা অন্য দরপত্রের পে-অর্ডার ও সকল কাগজপত্র যাচাই-বাছাই করে দেখব। পে-অর্ডার জালিয়াতির জন্য বিল্লাল এন্টারপ্রাইজের বিরুদ্ধে আমরা মামলা করব। বিল্লাল এন্টারপ্রাইজের দরপত্র বাতিলসহ করনীয় বিষয়ে বিসিআইসির বোর্ড ও মন্ত্রণালয়কে অবগত করব। দরপত্রের বিষয়ে বোর্ড ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন