
যুগভেরী ডেস্ক ::: ইঞ্জিনিয়ার্স ফোরাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণেই মানবতার কল্যাণ ও মুক্তি নিহিত রয়েছে। নবীজী (সা.) তাঁর কর্ম, সততা, ন্যায়বিচার, দায়িত্বশীলতা ও মানবিকতার মাধ্যমে বিশ্বমানবতার জন্য অনন্য আদর্শ রেখে গেছেন। তাঁর আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিষ্ঠিত করতে পারলে শান্তি, ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। প্রকৌশলীদের মতো দায়িত্বশীল পেশাজীবীদেরও সততা, আমানতদারি ও জনকল্যাণের মানসিকতা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
তিনি বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ফোরাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত ‘মহানবী (সা.) এর জীবন আদর্শ প্রেক্ষিত, প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক সীরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইঞ্জিনিয়ার্স ফোরাম সিলেট মহানগর সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী প্রকৌশলী মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. মো. ফয়জুল হক।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুছ ছাত্তার শাহ, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা সভাপতি প্রকৌশলী মোঃ রফিক উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স ফোরাম সিলেট মহানগর আইন উপদেষ্টা এডভোকেট আলিম উদ্দিন, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেক্টচারাল কন্সাল্টিং ফার্ম (এইএসিএফ) সিলেটের সভাপতি প্রকৌশলী মো. শাহাব উদ্দিন শামিম, এফডিইবি সিলেট অঞ্চল পরিচালক ও ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী প্রকৌশলী শাহজাহান কবির রিপন ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠিত সীরাত সেমিনারে সিলেটের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিপুলসংখ্যক প্রকৌশলী অংশ নেন।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. মো. ফয়জুল হক বলেন, একজন প্রকৌশলীর দায়িত্ব শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপদ সমাজ বিনির্মাণেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাসুল (সা.)-এর ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধ ধারণ করে পেশাগত দায়িত্ব পালন করলে প্রকৌশলীরা দেশ ও জাতির কল্যাণে আরও কার্যকর অবদান রাখতে পারবেন। মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি তা ব্যক্তিজীবন ও কর্মক্ষেত্রে বাস্তবায়নে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন