
যুগভেরী ডেস্ক ::: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার ক্যাম্পাস থেকে বের হয়ে নগরের কোর্টপয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।
এদিকে, টানা আন্দোলনের কারণে বুধবারও বন্ধ ছিল কলেজের ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
দাবি বাস্তবায়নের সরকারি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কলেজের শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে সিলেটের কোর্ট পয়েন্টে যান। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত তাদের দাবির বিষয়ে সরকারি সিদ্ধান্ত কার্যকর করার আহবান জানান শিক্ষার্থীরা। পরে সন্ধ্যার দিকে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজের প্রশাসনিক ও একাডেমিক কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। এ সমস্যার স্থায়ী সমাধান হিসেবে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কলেজটির সরাসরি অঙ্গীভূত বা অধিভুক্ত করার দাবি জানিয়ে আসছেন।
দাবি আদায়ে এর আগে ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের বক্তব্য, শুধু সিদ্ধান্তের আশ্বাস নয়, দাবি বাস্তবায়নের জন্য কার্যকর সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে শিক্ষার্থীদের অবস্থানের কারণে কোর্ট পয়েন্ট ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। তৈরি হয় যানজট। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, তাদের দাবির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে। সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টির স্থায়ী সমাধান চান তারা।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ২০০৭ সালে প্রতিষ্ঠিত। তিনটি বিভাগে পাঁচটি ব্যাচে কলেজটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছেন। কলেজের একাডেমিক কার্যক্রম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং প্রশাসনিক কার্যক্রম কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন