
যুগভেরী ডেস্ক ::: সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ রানা বলেছেন, একজন পরিবহন শ্রমিকের মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয়, এর সঙ্গে একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎও থমকে যায়। পরিবহন শ্রমিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তিনি বলেন, নিহত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়ে সংগঠনটি যে মানবিক উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী। এধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সমৃদ্ধ দেশ, জাতি ও মানবিক সমাজ গড়তে রাষ্ট্র, প্রশাসন, মালিক-শ্রমিকসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকরা পুলিশের প্রতিপক্ষ নয়, বরং সহযোগী। সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনায় প্রাণহানি ও অঙ্গহানি কমাতে চালকদের আইন মেনে ও দায়িত্বশীলভাবে গাড়ি চালাতে হবে। এ ক্ষেত্রে পরিবহন শ্রমিকদেরই সবার আগে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র ও জনগণের যেকোনো প্রয়োজনে পুলিশ সবসময় পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি রোববার (২৩ আগস্ট) বিকেলে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং-চট্ট-২১৫৯) এর উদ্যোগে সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১৮ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্করের পরিচালনায় অনুষ্ঠিত আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রদান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএমপির ট্রাফিক বিভাগের টি.আই হাবিবুর রহমান, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন ও সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক।
নগরীর দক্ষিণ সুরমা প্যারাইরচক ট্রাক টার্মিনালস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভূক্ত বিভিন্ন শ্রমিক উপ-কমিটির মৃত্যুবরণকারী ১৮ শ্রমিক পরিবারের প্রতিটি শ্রমিক পরিবারকে ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে নগদ ৪০ হাজার টাকা করে মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। নগদ টাকা পেয়ে মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন। এই মহৎ উদ্যোগের জন্য ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সংগঠনের কার্যকরী সভাপতি কাউছার আহমদ, সহ-সভাপতি শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ স্বপন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাছুম আহমদ, দপ্তর সম্পাদক বিলাহ উদ্দিন, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, কার্যকরী সদস্য কামাল হোসেন, আব্দুল জলিল, আব্দুল করিম, ইলিয়াস আহমদ, আলেখ আহমদ সুহেল, প্রবীণ শ্রমিক নেতা মহসিন মিয়া, ইউসুফ ও মন্তাজ মিয়া প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আওতাধিন বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শ্রী আবু সরকার বলেন, পরিবহন শ্রমিকরা হচ্ছে সমাজের সবচেয়ে বেশী অবহেলিত জনগোষ্ঠী। একজন পরিবহন শ্রমিকের মৃত্যুর সাথে একটি পরিবারের স্বপ্নের মৃত্যু ঘটে। তাই মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিকদের পরিবারের জন্য সরকারী বেসরকারী সহযোগিতা প্রয়োজন। কিন্তু তাদের পরিবার এই সহযোগিতা থেকে বঞ্চিত। মৃত ১৮ শ্রমিক পরিবারের জন্য জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান একটি মহৎ উদ্যোগ। এই ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন