এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোয়াইনঘাটে ৪ খুঁটি ভেঙে ঝুলছে সেতু : ঝুঁকি দুর্ঘটনার আশঙ্কা

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
গোয়াইনঘাটে ৪ খুঁটি ভেঙে ঝুলছে সেতু : ঝুঁকি দুর্ঘটনার আশঙ্কা

মনসুর আলম, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া হাওর ছরারপার খালের ওপর নির্মিত প্রায় ৩৩ বছরের পুরোনো সেতুটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মূল ভিত্তির চারটি খুঁটি সম্পূর্ণ ভেঙে যাওয়ায় নামমাত্র কয়েকটি পিলারের ওপর হেলে দাঁড়িয়ে আছে পুরো কাঠামো। এই নড়বড়ে সেতু দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন ১০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহন।

সরেজমিনে দেখা যায়, সেতুর একাধিক পিলার ভেঙে পড়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। সেতুটি এতটাই সরু যে একসঙ্গে দুটি যানবাহন চলাচল সম্ভব নয়। এক পাশ থেকে একটি সিএনজি অটোরিকশা পার হলে অপর পাশের যানবাহনকে অপেক্ষা করতে হয়। এছাড়া দুই পাশে কোনো রেলিং না থাকায় সামান্য অসতর্কতায় নিচে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। প্রতিদিন আশপাশের কয়েকটি স্কুল ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী এই পথ ব্যবহার করছে।

স্থানীয় সূত্র জানায়, এনজিও সংস্থা ‘কনসার্ন’ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে সেতুটি নির্মিত হয়। বগাইয়া, লিডারবস্তি, মুসলিমপাড়া, বগাইয়া দক্ষিণপাড়া, দমদমা, তুরুং, পাহাড়তুলী, ভিতরগুল, ঝারিখালকান্দি, ছরারপার ও আসামপাড়াসহ বিস্তীর্ণ এলাকার মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম এটি। পাশাপাশি কোম্পানীগঞ্জ উপজেলার বহু মানুষও এই পথ ব্যবহার করেন। কৃষিপণ্য বাজারজাত করতেও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি ধসে পড়লে পশ্চিমাঞ্চলের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে।

ইকরা ইসলামি যুব সংঘের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা বলেন, দীর্ঘদিন ধরে সেতু পুনর্নির্মাণ এবং কুপার বাজার থেকে বগাইয়া পর্যন্ত সড়ক সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে দ্রুত নতুন সেতু নির্মাণ এবং সড়ক মেরামতের দাবি জানান তিনি।

বিছনাকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক বদরুল ইসলাম বলেন, সেতুটি এখন ভেঙে পড়ার উপক্রম। দ্রুত নতুন সেতু নির্মাণ না হলে পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

উপজেলা প্রকৌশলী হাসিব আহমদ জানান, সেতুটি এলজিইডির আইডিভুক্ত না থাকায় নির্মাণকাজে বিলম্ব হচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ ও অগ্রাধিকারভিত্তিক সেতুর তালিকায় এটি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, তিনি ইতোমধ্যে সেতুটি পরিদর্শন করেছেন। জনসাধারণের দুর্ভোগ ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অগ্রাধিকার ভিত্তিতে নতুন সেতু নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
29 July 2026

গোয়াইনঘাটে ৪ খুঁটি ভেঙে ঝুলছে সেতু : ঝুঁকি দুর্ঘটনার আশঙ্কা

বিস্তারিত কমেন্টে