
যুগভেরী ডেস্ক ::: সকাল থেকেই শুরু হয় রোদের ঝাঁঝ। থাকে সন্ধ্যা পর্যন্ত। রোদের তাপে ঘর থেকে বের হওয়াও দুস্কর। এই অবস্থা চলছে গত দুদিন ধরে। গরমে যেনো রীতিমত পুড়ছে সিলেট।
আবহাওয়া অফিস জানিয়েছে, এমন তাপদাহ অব্যাহত থাকবে আরও অন্তত দুদিন।
আবহাওয়া অফিস জানায়, সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার তা ছিলো ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে গরম অনুভুত হয়েছে তাপমাত্রার চেয়েও বেশি।
গরমের কারণে দুদিন ধরেই নগরে যান চলাচল অনেকটা কমে গেছে। বিশেষত দুপুরের দিকে অনেকটা ফাঁকা হয়ে পড়ে রাস্তাঘাট। স্কুল-কলেজেও শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
তবে জীবিকার তাগিদে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের এই গরমেও বের হতে হচ্ছে কাজের খুঁজে। গরমের কারণে তাদের একেবারে নাভিশ্বাস ওঠার উপক্রম। গরমে একটু প্রশান্তির খোঁজে সড়কের পাশের শরবতের দোকানগুলোতে বেড়েছে ভিড়।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, এই তাপপ্রবাহ আরও দুদিন থাকতে পারে। তবে সিলেটে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে এবং গরমের তীব্রতাও অনেকটা হ্রাস পাবে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন