এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সফর, ১৪৪৮ হিজরি

……………………………

যুক্তরাজ্যে সাগরে ডুবে সিলেটের মখন মিয়ার পুত্রবধূ ও নাতনির মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত time ago 5 hours
যুক্তরাজ্যে সাগরে ডুবে সিলেটের মখন মিয়ার পুত্রবধূ ও নাতনির মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: যুক্তরাজ্যে সাগরে ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন সিলেটি বংশোদ্ভূত এক ব্রিটিশ-বাংলাদেশি নারী ও তার ১৫ বছর বয়সী কিশোরী কন্যা। যুক্তরাজ্যের কলচেস্টারে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে গিয়ে পরিবারটি এই দুর্ঘটনার শিকার হয়।

নিহতরা হলেন যুক্তরাজ্য যুবদল নেতা ডা. মনসুর রহমানের স্ত্রী এবং তাদের ১৫ বছর বয়সী মেয়ে। নিহত ওই নারী সিলেটের ছাতক উপজেলার অধিবাসী ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমানের কন্যা। অন্যদিকে তার স্বামী ডা. মনসুর রহমান সিলেটের প্রয়াত বিএনপি নেতা ও দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মখন মিয়ার সন্তান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্যসচিব খসরুজ্জামান খসরু গণমাধ্যমকে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, লন্ডনের ওয়েস্ট মার্সি সমুদ্র সৈকতে পরিবারের সদস্যরা একসঙ্গে অবকাশযাপন করছিলেন। এ সময় হঠাৎ প্রবল সমুদ্র স্রোতের টানে পরিবারের একটি শিশু ভেসে যেতে শুরু করে। শিশুটিকে উদ্ধারের চেষ্টায় সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপিয়ে পড়েন মা ও তার কিশোরী মেয়ে। শিশুটিকে রক্ষা করতে সক্ষম হলেও উত্তাল জোয়ারের স্রোতে তলিয়ে গিয়ে দুজনেই প্রাণ হারান।

দুর্ঘটনার সময় সৈকতে উপস্থিত ছিলেন নিহত নারীর বাবা মুজিবুর রহমান। শোকাবিভূত অবস্থায় তিনি ঘটনার সত্যতা স্বীকার করলেও এর বাইরে বিস্তারিত কিছু জানাতে পারেননি। এই দুর্ঘটনায় গুরুতর আহত পরিবারের অন্য সদস্যদের আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারযোগে লন্ডনের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পাওয়ামাত্র উদ্ধার তৎপরতায় নামে যুক্তরাজ্যের জরুরি সেবা সংস্থাগুলো। এসেক্স পুলিশের একজন মুখপাত্র জানান, কলচেস্টারের ওয়েস্ট মার্সি এলাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের কর্মীরা কাজ করছেন। এ অবস্থায় সাধারণ মানুষকে সিভিউ অ্যাভিনিউ ও সংলগ্ন সৈকত এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়।

উদ্ধার অভিযানে দীর্ঘ সময় ধরে কাজ করে এইচএম কোস্টগার্ডের হেলিকপ্টার। এছাড়া রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট (আরএনএলআই) সূত্রে জানা গেছে, ওয়েস্ট মার্সির ইনশোর লাইফবোটের পাশাপাশি ক্লাক্টন-অন-সি কেন্দ্র থেকে আরও দুটি লাইফবোট তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতায় যুক্ত করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২৪ জুলাই ২০২৬

যুক্তরাজ্যে সাগরে ডুবে সিলেটের মখন মিয়ার পুত্রবধূ ও নাতনির মৃত্যু

বিস্তারিত কমেন্টে