এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি

Daily Jugabheri
প্রকাশিত time ago 12 hours
সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি

যুগভেরী ডেস্ক :::দেশের সামগ্রিক নিরাপত্তা জোরদার ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একটি উচ্চক্ষমতাসম্পন্ন নতুন জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৮ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক আনুষ্ঠানিক প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারি সংবাদ সংস্থা বাসসের বরাতে জানানো হয়েছে, এই জাতীয় কমিটি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি নীতি নির্ধারণী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী কর্মপরিকল্পনা তৈরি, পরিস্থিতি মূল্যায়ন ও আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারকি করবে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, এই নতুন সমন্বয় কমিটিকে দেশের প্রচলিত আইন ও বিধিবিধান পর্যালোচনা করার পাশাপাশি প্রয়োজনীয় সংশোধন ও সংস্কারের সুপারিশ করার বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।

একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও অনলাইন প্ল্যাটফর্মসমূহ নিয়মিতভাবে তদারকি করা এবং দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় ও নিবিড় সমন্বয় সাধন করবে এই কমিটি। নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিতকল্পে কমিটি কর্তৃক নির্ধারিত সংশ্লিষ্ট বিষয়সমূহের আলোকে বিভিন্ন বাহিনীর নির্দিষ্ট কার্যপরিধি এবং ক্ষেত্রও নির্ধারণ করে দেওয়া হবে।

গঠিত এই উচ্চপর্যায়ের জাতীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এই কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করবেন। সরকারের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে, যা দেশের আইনশৃঙ্খলা ও নীতি নির্ধারণে সরাসরি ভূমিকা রাখবে। প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এই কমিটির বিশেষ বা সাধারণ সভা অনুষ্ঠিত হতে পারবে বলে প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। এ ছাড়া গুরুত্বপূর্ণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার প্রধানদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) মহাপরিচালক, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলের (এনটিএমসি) মহাপরিচালক, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে এই কমিটির সদস্য করা হয়েছে।

এই কমিটিকে সার্বিক সাচিবিক ও কৌশলগত সহায়তা দেওয়ার জন্য আরও চারজন পদস্থ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সহায়তাকারী এই কর্মকর্তারা হলেন সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, স্পেশাল সিকিউরিটি ইউনিটের (এসএসইউ) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা। এই কমিটির মাধ্যমে দেশের সবকটি আইন প্রয়োগকারী ও তথ্যপ্রযুক্তি নজরদারি সংস্থার কাজের মধ্যে এক ধরনের গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন