
যুগভেরী ডেস্ক ::: পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাহজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন সোনাপাতির বিলে মাছ ধরতে যান। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা একটি টং ঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরও চারজন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
বজ্রপাতের পর হতাহতরা বেশ কিছুক্ষণ টং ঘরের ভেতরে ও বাইরে পড়ে ছিলেন। সন্ধ্যার দিকে আশপাশের এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এর আগে, ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলটি দুর্গম এলাকায়। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।’
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন