এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

যুগভেরী ডেস্ক ::: সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরের জন্য সমীক্ষা চলছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, সিলেট-ঢাকা রেলপথে ট্রেনের ইঞ্জিন সংকট রয়েছে৷ তবে সেসব সমাধানে কাজ করবে সরকার।

শনিবার দুপুরে সিলেট রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রেলকে লাভবান করতে যাত্রীসেবার পাশাপাশি পণ্য পরিবহনের দিকেও সরকার নজর দিবে।

তবে রেলের সেবা নিশ্চিতে সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তিনি বলেন, এজন্য সর্বোচ্চ সেবা দিতে হবে। দায়িত্বে অবহেলা মেনে নেওয়া যাবে না। মাঠপর্যায়ে দায়িত্বে অবহেলা পরিলক্ষিত দায়িত্বশীলদের তা সমাধানে কাজ করার নির্দেশনার কথা পুণর্ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, সেবার মান বাড়াতে ইঞ্জিন ও কোচ সেবা চালু করা দরকার৷ সিঙ্গেল লাইনে দুর্ঘটনায় শিডিউল বিপর্যয় হয়। তা রোধে সরকার কাজ করছে৷

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের তরফ থেকে রেলের বেদখল জমি উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়েছে৷ দখল উচ্ছেদে সরকারের অবস্থান কঠোর বলে জানান প্রতিমন্ত্রী।

ভোরে রেলযোগে সিলেট আসেন প্রতিমন্ত্রী। সিলেটে হজরত শাহজালাল (রহ.) এবং শাহপরান( রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। পরে দিনব্যাপী সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিসি, বিআরটিএ, রেলওয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সহ নানা কর্মসূচি শেষে রাতে রেলযোগে ঢাকা ফিরবেন প্রতিমন্ত্রী।

এর আগে, ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গেল ২ মে দুপুরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। একইসঙ্গে সিলেটের সড়ক, কৃষি, পরিবেশ ও স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন