এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

গোয়াইনঘাটে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৩ শিক্ষার্থী

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
গোয়াইনঘাটে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৩ শিক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১২টি কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মোট ২ হাজার ৫১৬ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনেই অনুপস্থিত ছিল ৪৩ জন। এর মধ্যে এসএসসিতে ২৮ জন এবং দাখিলে ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

মাঠপর্যায়ে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও নিরবচ্ছিন্ন পরিবেশে পরীক্ষা দিচ্ছে। প্রতিটি কেন্দ্রের বাইরে অভিভাবকদের অপেক্ষা করতে দেখা যায়, যা পুরো পরিবেশকে আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ রাখতে সহায়ক হয়েছে।

এদিকে, পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি ও নির্দেশনা আগে থেকেই দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। তিনি আশা প্রকাশ করেন, বাকি পরীক্ষাগুলোও একইভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন