এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে যাচ্ছে ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম

Daily Jugabheri
প্রকাশিত ১১ ফেব্রুয়ারি, বুধবার, ২০২৬
সিলেটে যাচ্ছে ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম

যুগভেরী ডেস্ক ::: সারা দেশের মতো সিলেটেও অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট-গ্রহণকে সামনে রেখে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম।

বুধবার সকাল থেকে সিলেটের ছয়টি সংসদীয় আসনের প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, সিল, ব্যালট পেপার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সিলেট সরকারি মহিলা কলেজ থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পাহারায় এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরিবহন ব্যবস্থায় ছিল বিশেষ নজরদারি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিলেট জেলার ছয়টি আসনে এবার মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্য। পাশাপাশি মাঠে টহলে রয়েছেন জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা।

জেলায় মোট ভোটার সংখ্যা ৩১ লাখ ১৩ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ লাখ ২৪ হাজার ৯৭০ জন, নারী ১৪ লাখ ৮৮ হাজার ৪০৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৮ জন। গত নির্বাচনের তুলনায় ভোটার বেড়েছে ৩ লাখ ৯৮ হাজার ৬৫ জন।

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে তাদের ভোটা দিতে পারেন, সে লক্ষ্যে সকল প্রস্তুতি শতভাগ সম্পন্ন করা হয়েছে।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকল কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন