এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি

……………………………

মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে কাজ করছে স্কাউটস :  বিভাগীয় কমিশনার

Daily Jugabheri
প্রকাশিত ০৬ ডিসেম্বর, শনিবার, ২০২৫
মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে কাজ করছে স্কাউটস :  বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, বাংলাদেশ স্কাউটস একটি বাসযোগ্য, সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে কাজ করছে। শনিবার (০৬ ডিসেম্বর) সকালে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
তিনি বলেন, সৃষ্টিলগ্ন থেকেই পৃথিবীর গতিপ্রকৃতি নির্ভর করেছে মানুষের উপর৷ মানুষের নেতৃত্বের ব্যর্থতার কারণে পৃথিবীতে বিভিন্ন সময় রক্তপাত ও যুদ্ধ হয়েছে। মানুষের জন্য বাসযোগ্য ও মানবিক পৃথিবী বিনির্মাণে কাজ করছে মানবতাবাদীরা। বাংলাদেশ স্কাউটস তথা স্কাউটস আন্দোলনের সৃষ্টি হয়েছে পৃথিবীকে মানুষের বাসযোগ্য হিসেবে গড়ে তোলার জন্য।
স্কাউটস সম্পর্কে তিনি আরও বলেন, স্কাউটস সঠিক নেতৃত্বের মাধ্যমে সুশৃঙ্খল ও স্বার্থহীনভাবে কাজ করতে শেখায় বলেই শতাব্দীপূর্বে শুরু হয়েও এখনো টিকে আছে। একটি দেশের অগ্রসর হওয়ার জন্য বুদ্ধিবৃত্তিক দক্ষতা অর্জনের পাশাপাশি নাগরিকদের অবশ্যই মানবিক মূল্যবোধে উত্তীর্ণ হতে হবে। স্কাউটস আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের যে প্রশিক্ষণে গড়ে তোলা হয় তাতে তারা ভবিষ্যতে বিশেষ গুণাবলীসম্পন্ন হওয়ার অনুপ্রেরণা পাবে।
বিভাগীয় কমিশনার বলেন, বিভিন্ন সময়ে কিছু সংখ্যক স্বার্থপর, আত্মকেন্দ্রীক ও লোভী মানুষ এবং ব্যর্থ নেতৃত্বের কারণে এদেশ পিছিয়ে গিয়েছে। তাই আমাদেরকে নির্লোভ, শৃঙ্খলাপূর্ণ, মানবিক গুণাবলীসম্পন্ন এবং দেশপ্রেম ও মানবপ্রেমে উদ্বুদ্ধ জনগোষ্ঠী তৈরি করতে হবে। যারা কাব ও স্কাউটস হিসেবে কাজ করছে, তারা যেন সবসময় একতাবদ্ধ থাকতে পারে সেলক্ষ্যে অ্যালমনাই গঠন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মোঃ আবদুল আজিজ ও উপ কমিশনার ড. মোঃ সিরাজুল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন৷ এসময় সিলেট অঞ্চলের কাব ও স্কাউটসের শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিলেট অঞ্চলে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব ও প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৩১০ জনকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন