এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা মেনেই বৈঠক করা হচ্ছে: আলী রীয়াজ

Daily Jugabheri
প্রকাশিত ২২ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫
প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা মেনেই বৈঠক করা হচ্ছে: আলী রীয়াজ

যুগভেরী ডেস্ক ::: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, প্রতিদিন আলোচনার বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে অবিহিত করা হচ্ছে। তিনি দিকনির্দেশনা দিচ্ছেন এবং তার দিকনির্দেশনা মেনেই করা হচ্ছে বৈঠক।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে সংসদ ভবনের এলডি হলে পাঁচ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত নিতে বিএনপির সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনার বসার আগে এসব কথা বলেন তিনি।

ড. আলী রীয়াজ বলেন, ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত। যেসব প্রস্তাব উঠেছে সেসব নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সাথেও আলোচনা করবে ঐকমত্য কমিশন। আজ বিএনপির সাথে প্রাথমিকপর্যায়ের আলোচনা শেষ হবে বলেও আশা রাখেন।

তিনি আরও বলেন, ৩৫টি দল সংস্কার প্রস্তাবনা দিয়েছে আর বিএনপিসহ ১৫ দলের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী মে মাসে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে।

এদিন বিএনপির সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে ১৭ এবং ২০ এপ্রিল প্রস্তাবনা নিয়ে ঐকমত্য কমিশনের সাথে দিনভর বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা। ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাবনা জমা দেয় বিএনপি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে। কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন