
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তর থেকে অস্ত্রসহ আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যের উপস্থিতি দেখতে পান সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন বিছনাকান্দি বর্ডার আউট পোস্টের (বিওপি) নিয়মিত টহল দলের সদস্যরা। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁকে আটক করে বিজিবি সদস্যরা। এরপর তাঁকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে নিজেদের হেফাজতে রাখা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাঁকে তাৎক্ষণিক আটক করে নিজেদের হেফাজতে নেন।
তিনি আরও জানান, বিষয়টি দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন