এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে সাদাপাথর বাসে আগুন: নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী আটক

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
সিলেটে সাদাপাথর বাসে আগুন: নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী আটক

যুগভেরী ডেস্ক ::: সিলেটে সাদাপাথর এক্সপ্রেসের দুটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাঁদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সিলেটের এয়ারপোর্ট থানার লালবাগ বাছাটিলা গ্রামের সৈয়দ মকসুদ হোসেনের ছেলে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল-মাসুদ (২৫), ধোপাগুল গ্রামের মফিজ মিয়ার ছেলে মহানগর ছাত্রলীগের উপসম্পাদক (উদ্যোক্তা ও উদ্ভাবনবিষয়ক) আব্দুল কাদির বাপ্পি (২২), বড়শলা গ্রামের সৈয়দ মাহবুবুর রহমান ও কুলসুমা বেগমের ছেলে মো. সৈয়দ শাকীব (২৫) এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার গ্রামের মৃত ছানা মিয়ার ছেলে মো. জাহেদ (২৩)। জাহেদ বর্তমানে সিলেট নগরের খাসদবীর এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর রাত ৩টা ১০ মিনিটের দিকে এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়ন পরিষদের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে চলাচলকারী সাদাপাথর এক্সপ্রেসের দুটি বাসের পেছনের টায়ারে আগুন দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নিজেদের ব্যবহৃত মুঠোফোনে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন গ্রুপে যুক্ত ছিলেন। এসব গ্রুপের মাধ্যমে সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
17 November 2026

সিলেটে সাদাপাথর বাসে আগুন: নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী আটক

বিস্তারিত কমেন্টে