এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

রাজকীয় শাসনের অবসান থেকে পৌরসভা, নতুন অধ্যায়ে জৈন্তাপুর

Daily Jugabheri
প্রকাশিত time ago 1 hour
রাজকীয় শাসনের অবসান থেকে পৌরসভা, নতুন অধ্যায়ে জৈন্তাপুর

আটশো বছরের ঐতিহ্যবাহী জনপদে নগরায়ণের নতুন সম্ভাবনা, ইতিহাস-প্রত্নসম্পদ সংরক্ষণ ও নাগরিক সেবা নিশ্চিতের প্রত্যাশা

মনসুর আলম, গোয়াইনঘাট ::: একসময় রাজা-রাজড়ার শাসনে পরিচালিত হতো সিলেটের ঐতিহাসিক জনপদ জৈন্তাপুর। ইতিহাসের বিবরণ অনুযায়ী, প্রাচীনকালে কামরূপ রাজ্যের প্রভাবাধীন এ অঞ্চলে পরবর্তী সময়ে বিভিন্ন রাজবংশের শাসন অতিক্রম করে আনুমানিক ১৫০০ খ্রিষ্টাব্দে খাসিয়া-সুতঙ্গা রাজবংশের অধীনে স্বতন্ত্র জৈন্তিয়া রাজ্যের বিকাশ ঘটে। প্রভাত রায় থেকে রাজেন্দ্র সিংহ পর্যন্ত একাধিক শাসকের অধীনে জৈন্তাপুর ছিল রাজনৈতিক, প্রশাসনিক ও ধর্মীয় কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৮৩৫ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলের মধ্য দিয়ে রাজকীয় শাসনের অবসান ঘটে। পরবর্তী সময়ে ব্রিটিশ শাসন, ১৯৪৭ সালের দেশভাগ, পাকিস্তান আমল ও ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে এ অঞ্চলের প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আসে। এবার পৌরসভা গঠনের অনুমোদনের মধ্য দিয়ে ঐতিহাসিক এ জনপদ স্থানীয় সরকারব্যবস্থার নতুন অধ্যায়ে প্রবেশ করছে।
একসময় রাজা-রাজড়ার শাসনে পরিচালিত হতো সিলেটের ঐতিহাসিক জনপদ জৈন্তাপুর। ছিল নিজস্ব রাজপ্রাসাদ, প্রশাসনিক কাঠামো ও বিস্তৃত রাজ্যসীমা। সময়ের পরিক্রমায় রাজতন্ত্রের অবসান, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, দেশভাগ, পাকিস্তান আমল ও স্বাধীন
বাংলাদেশের প্রশাসনিক পরিবর্তনের দীর্ঘ পথ পেরিয়ে এবার স্থানীয় সরকারব্যবস্থার নতুন অধ্যায়ে প্রবেশ করছে ঐতিহ্যবাহী এ জনপদ।
জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এগিয়েছে জৈন্তাপুরবাসী।

রাজপ্রাসাদ, মন্দির ও বিভিন্ন স্থাপনা ঘিরে গড়ে উঠেছিল রাজকীয় শাসনব্যবস্থা ও সমৃদ্ধ জনপদ।

ইতিহাসের সেই পালাবদলে হারিয়ে যায় কয়েক শতাব্দীর ঐতিহ্যবাহী রাজতন্ত্র।

রাজতন্ত্রের অবসান ঘটলেও জৈন্তিয়ার ঐতিহাসিক পরিচয় মুছে যায়নি। রাজবাড়ির ধ্বংসাবশেষ, জৈন্তেশ্বরী মন্দির, প্রাচীন মেগালিথিক পাথর ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন আজও বহন করছে রাজকীয় অতীতের স্মৃতি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ও ১৯৪৭ সালের দেশভাগের পর সিলেটের গণভোটের মাধ্যমে এ অঞ্চল পূর্ববঙ্গের অন্তর্ভুক্ত হয়ে পাকিস্তানের অংশ হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর নতুন রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোয় যুক্ত হয় জৈন্তাপুর। দীর্ঘ সময় উপজেলা প্রশাসনকেন্দ্রিক ব্যবস্থার মধ্য দিয়ে চলার পর এবার পৌরসভা গঠনের অনুমোদন পেল ঐতিহাসিক এ জনপদ। রাজকীয় শাসন থেকে আধুনিক স্থানীয় সরকারব্যবস্থায় উত্তরণের এ পরিবর্তন জৈন্তাপুরের প্রশাসনিক ইতিহাসে নতুন সংযোজন।
সিলেট নগরী থেকে প্রায় ৪১ কিলোমিটার দূরের এ জনপদ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাকৃতিক সৌন্দর্য ও নৃতাত্ত্বিক বৈচিত্র্যের জন্য পরিচিত। রাজবাড়ির ধ্বংসাবশেষ, ঐতিহাসিক বটতলা, মেগালিথিক পাথর, খাসিয়া জনগোষ্ঠীর স্বতন্ত্র জীবনধারা এবং ডিবির হাওরের লাল শাপলার বিল জৈন্তাপুরকে দিয়েছে আলাদা পরিচিতি। পর্যটন সম্ভাবনাময় এ জনপদে প্রতিবছর ভিড় করেন দেশি-বিদেশি পর্যটক। অথচ জনবসতি ও ব্যবসা-বাণিজ্যের বিস্তার ঘটলেও সেই অনুপাতে গড়ে ওঠেনি পরিকল্পিত নগরব্যবস্থা। সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি ও অন্যান্য নাগরিক সেবায় রয়েছে উন্নয়নের প্রয়োজন।
এ বাস্তবতায় দীর্ঘদিন ধরে জৈন্তাপুর সদরকে পৌরসভায় উন্নীত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। নির্বাচনের আগে জাফলং ও জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। পরবর্তী সময়ে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি এ উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনিক তৎপরতা শুরু করেন।

এ উদ্যোগের অংশ হিসেবে গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে পৌরসভা গঠনের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়। গত ৯ জুলাই এসআরও নং ২৮১-আইন/২০২৬ জারি করে জৈন্তাপুরের নির্ধারিত এলাকাকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় জানায় স্থানীয় সরকার বিভাগ। পরবর্তী সময়ে ১৫ অক্টোবর জারি করা এসআরও নং ৩৭০-আইন/২০২৬-এর মাধ্যমে ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ১২টি মৌজার নির্ধারিত এলাকাকে শহর এলাকা ঘোষণা করা হয়। ১৭ অক্টোবর তা বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। এরপর প্রাক-নিকার কমিটির সুপারিশের পর ১৬ নভেম্বর প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় জৈন্তাপুর পৌরসভা গঠনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পায়।

পৌরসভা অনুমোদনের মধ্য দিয়ে দীর্ঘদিনের নাগরিক প্রত্যাশা বাস্তবায়নের প্রশাসনিক পথ খুললেও এর সুফল কতটা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে, তা নির্ভর করবে পরিকল্পনা ও বাস্তবায়নের ওপর। বিশেষ করে সীমান্তবর্তী পর্যটনসমৃদ্ধ এ জনপদে অপরিকল্পিত স্থাপনা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ হবে নগরায়ণের অন্যতম বিবেচ্য বিষয়।

জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজু বলেন, পৌরসভা অনুমোদনে তাঁরা আনন্দিত। মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রচেষ্টায় দ্রুত এ প্রক্রিয়া এগিয়েছে। তাঁর মতে, রাজকীয় শাসন থেকে স্বাধীন বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থায় জৈন্তাপুরের এ উত্তরণ ঐতিহাসিক তাৎপর্য বহন করে। তবে অনুমোদনের পাশাপাশি কার্যকর নাগরিক সেবা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব সাংবাদিক নুরুল ইসলাম মনে করেন, পৌরসভা গঠনের ফলে ঐতিহাসিক ও প্রাকৃতিক পর্যটনকেন্দ্রগুলোর সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নের সুযোগ বাড়বে। এতে পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। এ উদ্যোগে ভূমিকা রাখায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদের ভাষ্য, উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা ছিল জৈন্তিয়াবাসীর দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অনুমোদনে সেই প্রত্যাশা পূরণের পথ সুগম হয়েছে। এ উদ্যোগে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।

বৃহত্তর জৈন্তা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক গুলজার আহমদ হেলাল বলেন, তাঁদের সংগঠনের ১০ দফা দাবির অন্যতম ছিল জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে আধুনিক নগরায়ণ ও উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করা। এ লক্ষ্যে বিভিন্ন সময়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। জৈন্তাপুর পৌরসভা অনুমোদনকে বৃহত্তর জৈন্তার উন্নয়ন প্রত্যাশা পূরণের পথে একটি অগ্রগতি হিসেবে দেখছেন তিনি।

প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার নয় মাসের মধ্যে জৈন্তাপুর পৌরসভার অনুমোদন পেয়েছে, এটি বড় সফলতা। প্রশাসনিক কার্যক্রমসহ নানা দিক থেকে এখন এগিয়ে যাবে জৈন্তাপুর। আমার নির্বাচনী এলাকার মধ্যে জৈন্তাপুরও একটি অংশ। পৌরসভার অনুমোদনে তারা আনন্দ উৎসব করছে। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই জৈন্তাপুরকে পৌরসভায় অনুমোদন দেওয়ার জন্য।

সিলেট ও আসাম অঞ্চলের ইতিহাস গবেষক আসিফ আযহার বলেন, জৈন্তাপুর আটশো বছরেরও বেশি প্রাচীন একটি ঐতিহাসিক নগরী। প্রাচীন জয়ন্তীপুরের রাজসভায় সাহিত্যচর্চা ও জ্ঞানীগুণীদের সমাদর ছিল। রাজা কামদেবের পৃষ্ঠপোষকতায় সভাকবি কবিরাজের রচিত সংস্কৃত কাব্যগ্রন্থ রাঘবপাণ্ডবীয় এ নগরীর প্রাচীনত্ব ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রমাণ। তাঁর ধারণা, জৈন্তিয়া রাজ্যের নারী শাসকদের আমলেও জৈন্তাপুর রাজধানী ছিল; যদিও এ বিষয়ে পর্যাপ্ত প্রামাণ্য দলিল নেই। ব্রিটিশ আমলে ঐতিহাসিক জয়ন্তীপুরের নগরীয় পরিচয় অনেকটাই হারিয়ে যায়। ফলে পৌরসভায় উন্নীত হওয়ার উদ্যোগকে তিনি জৈন্তাপুরের ঐতিহাসিক পরিচয় পুনরুদ্ধার, ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণের নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দা সালেহীন মুরশেদের মতে, পৌরসভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে পরিকল্পিত সড়কব্যবস্থা, আধুনিক ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি ও পরিচ্ছন্নতাসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ঐতিহাসিক স্থাপনা ও পর্যটনকেন্দ্রগুলোর সংরক্ষণ এবং পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে উঠলে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আসতে পারে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
17 November 2026

রাজকীয় শাসনের অবসান থেকে পৌরসভা, নতুন অধ্যায়ে জৈন্তাপুর

বিস্তারিত কমেন্টে