
যুগভেরী ডেস্ক ::: সিলেটে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে এক কিশোরকে অপহরণের চেষ্টা চালানো হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে জালালাবাদ থানাধীন মদিনা মার্কেট এলাকার জামেয়া ইসলামীয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
তবে স্থানীয়দের বাধায় কিশোরটি রক্ষা পায়। এসময় ডিবি পুলিশ পরিচয়ধারী ব্যক্তির গাড়িচালককে আটক করে গণপিটুনি দেয় জনতা। ওই প্রাইভেটকারটিও ভাঙচুর করা হয়।
পুলিশ জানায়, কিশোরকে তুলে নেওয়ার চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার কাছ থেকে গাড়ির চালককে উদ্ধার করেন।
প্রাথমিকভাবে জানা যায়, প্রাইভেটকারের চালক সামাদ (২৬) সিলেটের এয়ারপোর্ট থানার ছালিয়া এলাকার ময়না মিয়ার ছেলে। সামা ও আরও দুইজন আখালিয়া সুরমা আবাসিক এলাকার ‘রিফাত অ্যান্ড কোং’ দোকানের সামনে থেকে ইমরান হোসেন (১৯) নামে এক কিশোরকে ডিবি পুলিশ পরিচয়ে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।
পরে তারা সুবিদবাজারের দিকে যাওয়ার সময় ওই কিশোরের চিৎকার শুনে আশপাশের লোকজন মদিনা মার্কেট এলাকায় গাড়িটি আটকে দেয়। এ সময় অপর দুইজন পালিয়ে গেলেও চালককে আটক করে জনতা গণপিটুনি দেয় এবং গাড়ি ভাঙচুর করে।
আহত অবস্থায় চালক সামাদ ও ভিকটিম ইমরান হোসেনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুজনই চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাস্থলে যাওয়া পুলিশের এসআই প্রণব রায় জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিম ও চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ভিকটিমকে মারধর করা হয়েছিল এবং চালক গণপিটুনির শিকার হয়। সিসিটিভি ফুটেজ দেখে পলাতক দুইজনকে শনাক্তের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন