এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

রেকর্ডীয় জমি বালুমহালে অন্তর্ভুক্তির প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন

Daily Jugabheri
প্রকাশিত time ago 4 hours
রেকর্ডীয় জমি বালুমহালে অন্তর্ভুক্তির প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরে খেলার মাঠ ও স্থানীয়দের রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার কয়েকশত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ প্রতাপপুর মৌজার ১১৪, ৪৬, ৪৪, ৪৫, ৫১, ৫২, ১২০, ১২২, ১২৩, ১১৫, ৯৫ ও ১১৮ নম্বর দাগভুক্ত প্রায় ১৬ একর রেকর্ডীয় জমি অবৈধভাবে বালুমহালের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা দাবি করেন, ‘হাজীপুর বালুমহাল’ নামে ইজারা প্রক্রিয়া চালানো হলেও বাস্তবে হাজীপুর এলাকায় বালুর অস্তিত্ব নেই। বরং পরিকল্পিতভাবে দক্ষিণ ও উত্তর প্রতাপপুরের বসতভিটা ও আবাদি জমিকে বালুমহাল হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

বক্তারা আরও জানান, সরকারিভাবে ইজারা প্রদান করা হলেও এখনো সংশ্লিষ্টরা দখল বুঝে না পেলেও স্থানীয় একটি প্রভাবশালী চক্র ইতোমধ্যে বালু উত্তোলন শুরু করেছে। তারা অভিযোগ করেন, একটি চক্র প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে রাতের আঁধারে খেলার মাঠ ও বাগান থেকে ট্রাকে করে বালু পাচার করছে।

এ অবৈধ কার্যক্রমের ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ ওঠে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি এক চা-শ্রমিক জরুরি চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার পথে যানজটে আটকা পড়ে সময়মতো চিকিৎসা না পেয়ে মারা যান, যা পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে।

সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, শ্রী ময়না দেবনাথ, কাদির মৌলভী, শ্রী নিরঞ্জন নাথ, ফখর উদ্দিন, আব্দুল মতিন, আবু বক্কর ও ইমতাজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশ থেকে এলাকাবাসী অবিলম্বে রেকর্ডীয় জমি ও খেলার মাঠকে বালুমহালের তালিকা থেকে বাদ দেওয়ার জোর দাবি জানান। পাশাপাশি, অবৈধ বালু উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন