এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

জমিয়ত নেতা হত্যাকারীদের বিচার দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

Daily Jugabheri
প্রকাশিত 07 September, Sunday, 2025
জমিয়ত নেতা হত্যাকারীদের বিচার দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

যুগভেরী ডেস্ক ::: জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) হত্যাকারীদের বিচার দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সড়কে বাঁশ ফেলে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে অংশ নেন বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসী। এসময় সড়কটিতে দীর্ঘ যানজট দেখা দেয়।

বিক্ষোভ কর্মসূচীতে সুনামগঞ্জ-৩ আসনের জমিয়ত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমেদ গাজিনগরী বলেন- মোস্তাক গাজিনগরী একজন সুপরিচিত আলেম। তাকে গুম করে হত্যার ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। স্বেচ্ছায় জনগণ রাস্তায় নেমে এসেছেন। পুলিশ বার বার আশ্বাস দিলেও খুনিদের গ্রেপ্তার করছেন না। আমরা প্রশাসনের আশ্বাসে এখন আর বিশ্বাসী হতে পারছি না। আগামীকাল (সোমবার) সুর্যোদয়ের আগে খুনিদের গ্রেপ্তার করা না হলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।

জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী বলেন, মোস্তাক গাজিনগরীকে গুম করার পর হত্যা করে নদীতে ফেলা হয়। প্রশাসন খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে। প্রশাসন বার বার আশ্বাস দেয় কিন্তু খুনিরা গ্রেপ্তার হয় না। এমন টালবাহানা বরদাশত করা হবে না। আসল সত্য হলো খুনিদের ধরতে পুলিশ গরিমসি করছে। মোস্তাকের খুনি প্রশাসনের নজরে রয়েছে। তবুও তারা নিরব দর্শকের ভূমিকায়। আমরা আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আমরা মোস্তাক গাজিনগরীর লাশ পাওয়ার পর খুনিদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে পারেনি। এ দেশে একজন আলেমও নিরাপদ নয়।

লন্ডন জমিয়ত প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ -৪ আসনের জমিয়ত প্রার্থী মাওলানা মোখলেছুর রহমান চৌধুরী বলেন, আমরা খুবই মর্মাহত। একজন নিরপরাধ আলেমকে খুন করা হলো অথচ পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে পারছে না। খুনিদের বিচার না হলে আইনশৃঙ্খলা অবনতি ঘটতেই থাকবে। জুলাই গনঅভ্যুত্থান নিরাপরাধ মানুষকে খুনের জন্য হয়নি। খুনিদের সনাক্ত করা না হলে আপনারা ছাড় পাবেন না।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
07 September 2025

জমিয়ত নেতা হত্যাকারীদের বিচার দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

বিস্তারিত কমেন্টে