এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম

Daily Jugabheri
প্রকাশিত time ago 1 hour
সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম

যুগভেরী ডেস্ক ::: সিলেটের জৈন্তাপুরের মায়ের দোয়া শাহজালাল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবির গণমাধ্যম শাখা।

উদ্ধারকৃত কিশোররা হল সিলেট জেলার জকিগঞ্জ থানার উত্তর মনসুরপুর এলাকার বেবুল আহমদের ছেলে মো. সাইদ মাসুদ চৌধুরী নাইম (১৫) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার বড়বন এলাকার আব্দুস সাত্তারের ছেলে তামিম আহমদ (১৫)। তারা দুজনই শাহপরাণ থানার খাদিমপাড়া এলাকার জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী।

 

র‌্যাব জানায়, গত ১৫ সেপ্টেম্বর ফজরের নামাজের সময় তারা দু’জন মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর মাদ্রাসার পরিচালক তোফায়েল আহমদ তাদের অভিভাবকদের বিষয়টি অবগত করেন। তারা বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও তাদের কোনো সন্ধান না পেয়ে শাহপরাণ থানায় একটি জিডি (সাধারণ ডায়রি) করেন। পরবর্তীতে গত ১৭ সেপ্টেম্বর নাইমের পিতার মোবাইলের ইমোতে একটি নম্বরবিহীন অ্যাকাউন্ট থেকে ভয়েস ম্যাসেজ পাঠিয়ে টাকা দাবি করা হয়। পরতবর্তীতে একটি ভিডিও কলে নাইমের মতো দেখতে একজনকে হাতপা বাঁধা অবস্থায় মারধর করার দৃশ্য দেখানো হয়েছে। ওই দিনই এরকম একটি ভিডিও প্রচার করা হলেও সামাজিক মাধ্যমে তোলপাড় চলতে থাকে।

 

এরপর এসআরবি বিষয়টির ছায়া তদন্ত শুরু এবং তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছে।

 

প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে যে, তারা মাদ্রাসায় পড়তে অনাগ্রহী হওয়ায় পালিয়ে ওই রেস্টুরেন্টে চাকরি নিয়েছিল। তাদের মধ্যে একজনের এর আগেও একাধিকবার মাদ্রাসা থেকে পালানোর রেকর্ড আছে।

 

তাদের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

 

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
20 September 2026

সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম

বিস্তারিত কমেন্টে