
যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জুলাইয়ের রক্তাক্ত বিপ্লবের পর একটি কল্যাণকর, ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াত এগিয়ে যাচ্ছে। আগামীর বাংলাদেশ পরিচালনায় জামায়াতের দায়িত্বশীলদের মেধা, জ্ঞান ও প্রজ্ঞায় আরও সমৃদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে। এক্ষেত্রে ইউনিয়ন দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (২১ আগস্ট) মৌলভীবাজার পৌরসভা হলে জেলা জামায়াত আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় জেলার ৬৭টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে ‘আদর্শ সংগঠকের ভূমিকা’ শীর্ষক আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম। পবিত্র কোরআনের সূরা আল-মুমিনুন থেকে দারস পেশ করেন আলেমে দ্বীন মাওলানা শেখ আব্দুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম আরও বলেন, বিগত ১৭ বছর জেল-জুলুম, নির্যাতন ও জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েও ইসলামী আন্দোলনের গতিপথ স্তব্ধ করা যায়নি। হাজারো শহীদের রক্তে গড়ে ওঠা এ সংগঠন দিন দিন আরও সমৃদ্ধ হচ্ছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন সেক্টরে শুধুমাত্র দুর্নীতি বন্ধ করা গেলে মাত্র ছয় মাসে দেশ অনেক দূর এগিয়ে যাবে। আগামী স্থানীয় নির্বাচনে জনগণ সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থীদের সমর্থন দেবে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের মানুষ প্রত্যাখ্যান করবে।
মাওলানা আব্দুল হালিম আরও বলেন, অতীতের জুলুমবাজদের মতো বর্তমান সরকারও যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব না দেয়, তাহলে আগামীতে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
বিশেষ অতিথির বক্তব্যে মো. ফখরুল ইসলাম বলেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজেদের আরও যোগ্য করে গড়ে তুলতে দায়িত্বশীলদের সময় দিতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের আদর্শের মডেল হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালাতে হবে।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, স্থানীয় নির্বাচনে প্রতিটি পদে জামায়াতের প্রার্থী দিতে হবে। সেপ্টেম্বর মাসে দেশব্যাপী অনুষ্ঠিতব্য দাওয়াতি অভিযানে যথাযথ গুরুত্ব দিয়ে মাঠে কাজ করতে হবে। ইসলামের সুমহান আদর্শের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সৈয়দ তারেকুল হামিদ ও আব্দুল কুদ্দুস নোমান প্রমূখ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন