
যুগভেরী ডেস্ক ::: সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত এবং বহু যাত্রী আহত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল এক শোক বার্তায় মন্ত্রী বলেন, ওসমানীনগরের দয়ামীর এলাকায় ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয়বিদারক। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত।
তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে এ কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করার জন্য দোয়া করেন।
একই সাথে খন্দকার মুক্তাদির দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের উপযুক্ত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন