
যুগভেরী ডেস্ক ::: সিলেটে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি হোটেলের মিলনায়তনে দিনব্যাপী ‘তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। কর্মসূচিতে বক্তারা জোর দিয়ে বলেন, তথ্য অধিকার আইন কেবল নাগরিকের তথ্য পাওয়ার অধিকারই নিশ্চিত করে না, বরং সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। তাই এ আইনের সফল বাস্তবায়নে সরকারি-বেসরকারি সব পর্যায়ে সমন্বিত ও আন্তরিক উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
কর্মশালায় তথ্য অধিকার আইন-২০০৯, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের ভূমিকা, তথ্য আবেদন প্রক্রিয়া এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই আইনের গুরুত্ব নিয়ে বিষদ আলোচনা করা হয়। একই সাথে আইনটির প্রয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা ও তা নিরসনের উপায় নিয়েও মতামত ব্যক্ত করেন বক্তারা। বিভাগীয় কর্মকর্তা নিরুপম দে’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার। তিনি পরিবেশ, ভূমি, পানি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহে বেলার দীর্ঘদিনের মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। সাধারণ নাগরিক কীভাবে সঠিক নিয়মে তথ্য পাওয়ার জন্য আবেদন করবেন, নির্ধারিত সময়ে তথ্য না পেলে আপিল করার নিয়মাবলী এবং প্রয়োজনে তথ্য কমিশনে অভিযোগ দাখিলের প্রক্রিয়াগুলো তিনি বাস্তব উদাহরণের মাধ্যমে সহজভাবে বুঝিয়ে বলেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে সিলেট অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, মানবাধিকার কর্মী এবং স্থানীয় স্কুল-কলেজের শিক্ষকরা সক্রিয়ভাবে অংশ নেন। উন্মুক্ত আলোচনায় মুক্তমত ব্যক্ত করেন সিনিয়র আইনজীবী দেলওয়ার হোসেন দিলু, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি রওশন আরা মুকুল, রিডো বাংলাদেশের আব্দুল মালেক, আরডব্লিউডিও-র প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহেদুল ইসলাম রশিদ, ব্লাস্ট-এর অ্যাডভোকেট আসমা আরা বেগম এবং একডো-র প্রোগ্রাম সমন্বয়কারী মোমতাহিনুর রহমান চৌধুরী এবং তানজিনা বেগম। এছাড়া মানবাধিকার ও সাংবাদিক প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সাংবাদিক কাইয়ুম উল্লাস, কামরুল ইসলাম মাহি, শফি উদ্দিন এবং ইমরান আহমদ। সমাপনী বক্তব্যে বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে সাধারণ মানুষের তথ্য পাওয়ার পথকে আরও সুগম করবে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন