এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবক নিহত

Daily Jugabheri
প্রকাশিত time ago 5 hours
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট-লাখাট সীমান্তে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। তিনি ভারতীয় ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন । তবে ঘটনার সময় তিনি কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মিনহাজ উদ্দিন সীমান্ত পেরিয়ে ভারতের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় প্রবেশ করলে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে তারা নিহতের বাড়িতে যান এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খাসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মিনহাজ উদ্দিন ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে চুরি বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। সেখানে খাসিয়ার গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশে নিয়ে আসার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১১ জুলাই ২০২৬

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবক নিহত

বিস্তারিত কমেন্টে