এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

চলন্ত ট্রেনের ছাদে ভ্রমণ, গাছের ডালে ধাক্কা লেগে গুরুতর আহত ২

Daily Jugabheri
প্রকাশিত 07 June, Sunday, 2026
চলন্ত ট্রেনের ছাদে ভ্রমণ, গাছের ডালে ধাক্কা লেগে গুরুতর আহত ২

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদে বসে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ত্যাগ করার পর উপজেলার উত্তরসুর এলাকার দ্বারিকাপাল মহিলা কলেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, দুই যুবক ট্রেনের ছাদে বসে ভ্রমণ করছিলেন। ট্রেনটি উত্তরসুর এলাকায় পৌঁছালে তারা রেললাইন পাশের একটি গাছের ডালের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা মো. এনামুল (২৫) ও মো. সিয়াম (১৮)।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে তাদের অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানান, বিকেল ৩টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস স্টেশন ত্যাগ করার কিছুক্ষণ পর উত্তরসুর এলাকায় ট্রেনের ছাদে থাকা দুই যুবক গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবহিত করা হয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ঘটনার পর সংশ্লিষ্টরা ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
07 June 2026

চলন্ত ট্রেনের ছাদে ভ্রমণ, গাছের ডালে ধাক্কা লেগে গুরুতর আহত ২

বিস্তারিত কমেন্টে