এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বাসিয়া নদী অবৈধ দখলমুক্ত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Daily Jugabheri
প্রকাশিত 11 May, Monday, 2026
বাসিয়া নদী অবৈধ দখলমুক্ত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিলেটের বাসিয়া নদী অবৈধ দখলমুক্ত করার কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তাই রেজুলেশন ঠিক করে অবশ্যই বাসিয়া নদী অবৈধ দখলমুক্ত করা হবে। আর বাসিয়া নদীর সীমানা নির্ধারণ নিয়ে এর মধ্যে প্রশাসন ও ডিসির সঙ্গে আলাপ হয়েছে।”

সোমবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গরীব-অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তিনি।

নদীর সীমানা নির্ধারণ ও পুনঃখনন প্রকল্পে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, “পানি কমে গেলেই কাজ শুরু করা হবে। সবাই স্মরণ রাখবেন, প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশে দেওয়া বক্তব্যে পরিবেশ ধ্বংসকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, “উন্নয়নের এ মহাপরিকল্পনা অনুযায়ী এলাকার উন্নয়নের জন্য আমিও কিছু উদ্যোগ নিয়েছি। বাজেট আসলে সবাই মিলে এলাকার উন্নয়ন অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে জনস্বার্থে কাজ করব।”

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত দূতাবাস ঢাকার বিদেশি সহায়তা কার্যালয়ের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি, বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক খন্দকার বক্তব্য দেন।

এতে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এদিকে, বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারত সরকারের উদ্দেশে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশেকে এখন আর ভয় দেখানোর জায়গা নেই। যদি মানুষের সঙ্গে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলব।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তরের কথাও জানান তিনি।

এই খবরে প্রাথমিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হুমায়ুন কবির এসব কথা বলেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
11 May 2026

বাসিয়া নদী অবৈধ দখলমুক্ত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিস্তারিত কমেন্টে