এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

আমীনূর রশীদ চৌধূরী এক দ্রোহসত্যের জীবনপাঠ : আবুল ফতেহ ফাত্তাহ

Daily Jugabheri
প্রকাশিত 30 August, Saturday, 2025
আমীনূর রশীদ চৌধূরী এক দ্রোহসত্যের জীবনপাঠ : আবুল ফতেহ ফাত্তাহ

আমীনূর রশীদ চৌধূরী (১৯১৬-১৯৮৫) ছিলেন এক স্বাধীনচেতা ব্যক্তিত্ব। শিক্ষা-সাহিত্য, শিল্প-সংস্কৃতি ও সাংবাদিকতায় তাঁর অসামান্য অবদানের কথা সবমহল জ্ঞাত নন। কারণ, তাঁর স্বভাবধর্ম ও ব্যক্তিরুচি এমন এক পর্যায়ে ছিল যা আর দশজন মানুষের সঙ্গে মিলিয়ে নেওয়া সহজসাধ্য ছিল না। অসম্ভব রকম ব্যক্তিত্বসম্পন্ন মানুষ ছিলেন তিনি। তাঁর সান্নিধ্যে যারা গিয়েছেন তারা সবাই আপ্লুত হয়েছেন আবার বিস্ময়-বিস্ফারিত দৃষ্টি নিয়ে বারংবার তাঁর কথাই ভেবেছেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, পাকিস্তানি শোষণ-নির্যাতন তাঁর মনে দ্রোহের সঞ্চার করে। নেতাজী সুভাষচন্দ্র বসুর এক ভাবশিষ্যরূপে তিনি নিজেকে পরিচালিত করতেন। এমনকী সশস্ত্র স্বাধীনতাসংগ্রামীদের মূল ধারায় নিজেকে সম্পৃক্ত করে স্বাধীন ভারতবর্ষের স্বপ্নকল্পনা তাঁর মনের ভেতর সবসময় ক্রিয়াশীল ছিল। আজীবন দ্রোহী এ মানুষটির স্বভাবচৈতন্যে আপাতবাহ্যিক কাঠিন্য প্রকাশ পেলেও অন্তর্গতভাবে তিনি একজন সংবেদনশীল মনের মানুষ ছিলেন। সংবাদপত্রশিল্পের বিকাশ এবং চা-শিল্পের আধুনিকায়নের ব্যাপারে তাঁর চিন্তার অন্ত ছিল না। আবার মানুষের স্বাভাবিক চিন্তার বাইরে স্বতন্ত্র চিন্তাজগত সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান অসামান্য। বিশেষত প্রাতিষ্ঠানিক পরিমন্ডলে একজন শিক্ষক বা একটি প্রতিষ্ঠান কতটা সংহতভাবে এগিয়ে চলতে পারে তাঁর চিন্তা, দূরদৃষ্টি, অনমনীয় মনোভাব ও ব্যক্তিত্ব অনুসরণের মাধ্যমে সহজতর হতে পারে। আবার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অথবা নির্ভীক সাংবাদিকতাপ্রশ্নে তাঁর আপোসহীন মনোভঙ্গি আর দশজনের অনুসরণযোগ্য দৃষ্টান্ত। শিল্পরুচির দিক থেকে তিনি একজন চিৎপ্রকর্ষবিদ। পারিবারিক পরিসরে তিনি যে পাঠ গ্রহণ করেন তা তুলনারহিত। সৃজনশীল ব্যক্তিসত্তা নির্বাচনে তাঁর অপরিমেয় অনুভবগ্রাহ্যতা সবাইকে অবাক করে। আর এজন্যেই তাঁর প্রশান্তচিত্তের সান্নিধ্যলাভের তীব্র আকাক্সক্ষা সন্ধিৎসুদের মনে আলোড়ন তোলে।
একজন উন্নত রুচির বাঙালিরূপে তিনি আজীবন নিজেকে পরিচালিত করেন। আপাতদৃষ্টিতে তাঁর পোশাক-পরিচ্ছদের চাকচিক্য, বাচনভঙ্গি ও চলাফেরা ইউরোপীয় কায়দায় হলেও মনোজাগতিকভাবে তিনি একজন সংস্কৃতিবান বাঙালি। আরেকটু বেশি করে বললে তিনি একজন সংবেদনশীল গীতিকবি। তাঁর গীতিকাব্য গানের ডালি-র শব্দ ও পক্সক্তিজুড়ে হৃদয়ের না-বলা কথা ও ব্যথিত প্রাণের অনুরণন আমরা অনুভব করি। ভারতের কলকাতা শহরে বাবার কর্মস্থলেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। কিন্তু মায়ের দূরারোগ্য ব্যধির কারণে তিনি এক ইংরেজ ভদ্রমহিলা মিস এলিজাবেথ বেলের লালিত্যে বেড়ে ওঠেন। স্বাভাবিক কারণে বাঙালিজীবনের যে সহজ-সরল অভিব্যক্তি সেটা অনুধাবন করার ক্ষমতা তিনি শৈশবে ধারণ করতে পারেননি। কিন্তু তাঁর অনুসন্ধিৎসা, বিচক্ষণতা ও সত্যাগ্রহী চেতনা তাঁকে সাধারণ মানুষের মর্মবেদনা অনুভবে সহায়তা করে। সাপ্তাহিক যুগভেরী পত্রিকার মাধ্যমে তিনি নিজেকে সাধারণ পাঠকের কাছাকাছি নিয়ে যান। এ পত্রিকার মালিক ও সম্পাদকরূপে তিনি সাংবাদিকতা শুরু করেন। ইস্টার্ন হ্যারল্ড তাঁর সম্পাদিত একটি ইংরেজি পত্রিকা। সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে তাঁর সরব প্রাণচাঞ্চল্য সবাইকে আপ্লুত করে। কেন্দ্রীয় মুসলিম সাহিত্যসংসদের প্রতিষ্ঠার সময় থেকে তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন এ সংস্থার সভাপতিরূপে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাহিত্যসংসদের দুষ্প্রাপ্য গ্রন্থসংগ্রহে তাঁর অবদান অবশ্যই স্বীকার্যসত্য। সিলেটের প্রতœতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের ক্ষেত্রেও তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা। সিলেট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিরূপে রয়েছে তাঁর আরেক পরিচয়।
একজন শিল্পরসিক ও সাহিত্যসেবীরূপে খ্যাতিমান অনেক শিল্পী-সাহিত্যিকের সঙ্গে তাঁর সংযোগ ঘটে। কাজী নজরুল ইসলাম, তারাশংকর, বনফুল, সজনীকান্ত দাস প্রমুখের ঘনিষ্ঠ সান্নিধ্য তাঁর জীবনকে বহুমাত্রিক করেছে। বহুভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর সঙ্গে তাঁর গভীর সম্পর্ক বিদ্যমান ছিল। বিশিষ্ট কবি সুফিয়া কামালের ¯েœহলালিত্যে তিনি উজ্জীবিত হন। একজন বহুমাত্রিক মানুষ হিসেবে তাঁর অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সেবাধর্মী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাঁর ছিল নিবিড় সম্পর্ক। তবে তা অনেক ক্ষেত্রে সাধারণের দৃষ্টি এড়িয়ে তিনি তা নির্বাহ করতেন। সিলেট নগরের মদনমোহন কলেজের সঙ্গে তাঁর ছিল অবিচ্ছেদ্য সম্পর্ক। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রমোদচন্দ্র গোস্বামীর সঙ্গে তিনি একনিষ্ঠ ছিলেন। তাঁরই আগ্রহে আমীনূর রশীদ চৌধূরী ১৯৬১ থেকে মদনমোহন কলেজ পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। একজন শিক্ষানুরাগী সদস্যরূপে এ কলেজের দুঃসময়ে অর্থনৈতিক ও শিক্ষাউন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মদনমোহন কলেজ-সংলগ্ন উত্তরাংশে সিলেট মিউনিসিপ্যালিটির একটি সুইপার কলোনি ছিল। ১৯৪০ খ্রিস্টাব্দে মদনমোহন কলেজ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির লক্ষ্যে উল্লিখিত সুইপার কলোনি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ যে উদ্যোগ গ্রহণ করেন সে উদ্যোগের নেপথ্যে আমীনূর রশীদ চৌধূরী ও হিমাংশু ভট্টাচার্য সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৬১ সালের ০৭ আগস্ট কলেজ গভর্নিংবডি সভায় তাঁদের দুজনকে সিলেট মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে লামাবাজার থেকে সুইপার কলোনি স্থানান্তরের গুরুদায়িত্ব দেওয়া হয়। তাঁরা দুজন মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সুইপার কলোনি স্থানান্তরের ব্যবস্থা করেন। ফলে মদনমোহন কলেজ ক্যাম্পাসে সে সময় শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়। আমীনূর রশীদ চৌধূরী সহযোগে মদনমোহন কলেজ গভর্নিংবডি সিলেট মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ও পর্ষদের সম্মতিলাভে সমর্থ হয়। পরবর্তী সময়ে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের স্মারকপত্র ১১৯১, তারিখ : ৩০.০১.১৯৬৯ অনুসারে মদনমোহন কলেজ ও সিলেট মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষের মধ্যে ডিড্ অব গিফট্ সম্পাদন চুক্তির কথা জানা যায়। (সূত্র : মদনমোহন কলেজ গভর্নিংবডি কার্যবিবরণী, তারিখ : ০৯ এপ্রিল ১৯৬৯)। আমীনূর রশীদ চৌধূরীর শিক্ষাক্ষেত্রে অবদানের এটি এক নেপথ্যতথ্য।
মহান মুক্তিযুদ্ধে আমীনূর রশীদ চৌধূরীকে পাকিস্তানি হানাদার বাহিনীর অসহ্য নির্যাতন সহ্য করতে হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে তিনি কীভাবে বেঁচে যান এ কাহিনি যারা পড়বেন তারা সবাই বিস্মিত হবেন। একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে তাঁর চারিত্রিক দৃঢ়তা ও যথাসময়ে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আমাদের অনুপ্রাণিত করে। আমরা তাঁর মহৎ জীবন থেকে যদি কিছু পাঠ গ্রহণ করতে পারি তবে একজন মহত্তম বাঙালির সুবিশাল ব্যক্তিত্বের কিছুটা হলেও জানতে সক্ষম হব। আমাদের জীবনে এখন রুচির মড়ক। এই দুঃসময়ে আমীনূর রশীদ চৌধূরীর মত মহান ব্যক্তির জীবনের ক্ষুদ্র একটি দিকও যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে এই সমাজ, এই রাষ্ট্র তথা আমাদের পরিপার্শ্ব অনেক অনেক বেশি সৃজনশীল হয়ে উঠবে। যুবসমাজের নৈতিক অবক্ষয় ও শিক্ষাবিমুখতা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কতটুকু হুমকিস্বরূপ সেদিক বিবেচনা করে আমীনূর রশীদ চৌধূরীর দ্রোহসত্যের জীবনপাঠ আমাদের অধ্যয়নের মাত্রাকে অনেকগুণ বাড়িয়ে দেবে বলে আমার বিশ্বাস। আমীনূর রশীদ চৌধূরী আমাদের সমাজের অনন্য দৃষ্টান্ত এবং অনুকরণীয় চরিত্র।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
30 August 2025

আমীনূর রশীদ চৌধূরী এক দ্রোহসত্যের জীবনপাঠ : আবুল ফতেহ ফাত্তাহ

বিস্তারিত কমেন্টে