এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে জুলাই আন্দোলনে হামলার অভিযোগে আরেক মামলা, আসামি ছাত্রলীগ সভাপতিসহ ১০

Daily Jugabheri
প্রকাশিত 22 July, Tuesday, 2025
সিলেটে জুলাই আন্দোলনে হামলার অভিযোগে আরেক মামলা, আসামি ছাত্রলীগ সভাপতিসহ ১০

স্টাফ রিপোর্ট
সিলেটে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আরেকটি মামলা হয়েছে। সোমবার (২১ জুলাই) সিলেটের কতোয়ালি থানায় এই মামলাটি দায়ের করেন ছাত্রদল সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম। মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম (৩৫)সহ ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় নাজমুল ছাড়াও অপর আসামিরা হলেন- সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ (৩০), ছাত্রলীগ নেতা সালমান আলম (২৮), সোলেমান আহমদ (২৭), মহানগর ছাত্রলীগের সদস্য এমাদুর রহমান (৩৪), সিলেট সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আনিছুর রহমান (২৩), ছাত্রলীগ নেতা জাহের আহমদ (২৮), মামুন (২৮), এমসি কলেজ ছাত্রলীগ নেতা শাহীদুজ্জামান জুবায়ের (৩৩) ও ছাত্রলীগ নেতা মো. মামুন মিয়া ওরফে হ্যাকার মামুন (২৩)। মামলায় অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে মো. আমিনুল ইসলাম নিজেকে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সক্রিয় কর্মী উল্লেখ করে অভিযোগ করেন, গতবছরের ৪ আগস্ট দুপরে শেখ হাসিনা পতনের একদফা দাবী’র আন্দোলনে নগরের কোর্ট পয়েন্টস্থ মধুবন মার্কেটের সামনে তারা ২০/২৫০ ছাত্র জনতা জমায়েত হন। এ সময় আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং হাসিনা সরকারের দোসর অন্যান্য রাজনৈতিক দলের সশস্ত্র নেতা ও ক্যাডাররা আন্দোলনকারীদের উপর হামলা চালায়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা ককটেল বিস্ফোরণ করে আতঙ্কের সৃষ্টি করে। এসময় কয়েজন আন্দোলনকারী প্রতিরোধ করতে চাইলে ঘটনাস্থল লালবাজার গলির মুখে থাকা ছাত্রলীগ নেতা জাহের আহমদ ও মামুন তাকে গুলি করে।
আমিনুল ইসলাম জানান, সেসময় গুলিতে তিনি মারাত্মক আহত হন। এছাড়া এসময় হামলায় আরও অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হন।
আহত হওয়ার পর হাসপাতালে দীর্ঘ চিকিৎসা শেষে মামলা দায়ের করেন বলে জানান এই ছাত্রদল নেতা।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কতোয়ালি থানার এসআই আজহারুল ইসলাম বলেন, পুলিশ অভিযোগটি তদন্ত করে দেখছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
22 July 2025

সিলেটে জুলাই আন্দোলনে হামলার অভিযোগে আরেক মামলা, আসামি ছাত্রলীগ সভাপতিসহ ১০

বিস্তারিত কমেন্টে