
রেজওয়ান আহমদ ::: মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি শুধু একজন মানুষের জীবনকেই বিপর্যস্ত করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের স্বাভাবিক অগ্রযাত্রার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। মাদকের ভয়াল থাবায় সম্ভাবনাময় অনেক তরুণ-যুবকের জীবন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। মাদকাসক্তির কারণে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে তৈরি হচ্ছে নানা সংকট। অনেক ক্ষেত্রে মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে কেউ কেউ জড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকাণ্ডে। এমন বাস্তবতায় মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।
সরকারের মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি বেসরকারি পর্যায়েও বিভিন্ন প্রতিষ্ঠান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিলেটে দীর্ঘদিন ধরে এমনই একটি মানবিক উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে ‘নিউ প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র’। গত ২০ বছর ধরে প্রতিষ্ঠানটি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতা, দক্ষতা এবং একদল উদ্যমী কর্মীর সমন্বয়ে পরিচালিত নিউ প্রশান্তি ইতোমধ্যে হাজারো মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে সুস্থ জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। শুধু চিকিৎসা প্রদানই নয়, বরং একজন ব্যক্তিকে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সামাজিকভাবে গ্রহণযোগ্য জীবন গঠনে সহযোগিতা করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
প্রতিষ্ঠাতা পরিচালক জাহেদ আহমদ বাবু জানান, মাদকাসক্তি থেকে একজন মানুষকে মুক্ত করা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এ ক্ষেত্রে প্রয়োজন যথাযথ চিকিৎসা, নিয়মিত পরিচর্যা, মানসিক সহযোগিতা এবং পরিবারের ইতিবাচক ভূমিকা। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু একজন মানুষকে মাদকাসক্তি থেকে মুক্ত করা নয়; বরং তাকে সুস্থ, স্বাভাবিক ও আত্মবিশ্বাসী জীবনে ফিরিয়ে আনা। যেন সে আবার নিজের পরিবার, সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একজন মানুষ মাদকমুক্ত হয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারলে সেটিই আমাদের সবচেয়ে বড় সাফল্য।’
তিনি আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের অবহেলা, ঘৃণা কিংবা সামাজিকভাবে দূরে সরিয়ে না রেখে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ দেওয়া প্রয়োজন। কারণ, যথাসময়ে সঠিক উদ্যোগ ও সহযোগিতা পেলে একজন মাদকাসক্ত ব্যক্তিও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। এ ক্ষেত্রে পরিবারের সদস্যদের ধৈর্যশীল ও সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিকিৎসার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম:-
মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেও বছরজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নিউ প্রশান্তি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং মাদক থেকে দূরে থাকার বিষয়ে উদ্বুদ্ধ করাকে গুরুত্ব দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্টরা মনে করেন, শুধু আইন প্রয়োগ কিংবা চিকিৎসার মাধ্যমে মাদক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এ জন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রচারণা এবং মাদকাসক্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
আধুনিক সুযোগ-সুবিধায় চিকিৎসা ও পরিচর্যা:-
চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টি বিবেচনায় রেখে আধুনিক সুযোগ-সুবিধা ও মনোরম পরিবেশে পরিচালিত হচ্ছে নিউ প্রশান্তি। প্রতিষ্ঠানে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা এবং অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ। পাশাপাশি রোগীদের শারীরিক ও মানসিক বিকাশে রয়েছে নিজস্ব ইনডোর খেলাধুলার ব্যবস্থা এবং আধুনিক জিম।
জ্ঞানচর্চা ও ইতিবাচক চিন্তার বিকাশে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি। ধর্মীয় অনুশাসন পালনের জন্য নিয়মিত নামাজ আদায়ের সুব্যবস্থাও রাখা হয়েছে। আবাসিক রোগীদের জন্য রয়েছে স্বাস্থ্যসম্মত ও উন্নতমানের খাবারের ব্যবস্থা। এসব সুবিধার মাধ্যমে চিকিৎসাধীন ব্যক্তিদের জন্য একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা মনে করেন, মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক প্রশান্তি, আত্মনিয়ন্ত্রণ, নিয়মশৃঙ্খলা এবং ইতিবাচক জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা জরুরি। সে লক্ষ্যেই চিকিৎসা ও পরিচর্যার পাশাপাশি বিভিন্ন সহায়ক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
নতুন আঙ্গিকে বাগবাড়ীতে নিজস্ব ভবনে যাত্রা:-
সেবার মান আরও উন্নত করা এবং চিকিৎসাধীন ব্যক্তিদের জন্য আরও সুন্দর ও উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নিউ প্রশান্তি এবার নতুন আঙ্গিকে, নতুন সাজে সিলেট নগরীর বাগবাড়ীস্থ এতিমস্কুল রোডে নিজস্ব ভবনে স্থানান্তরিত হতে যাচ্ছে। নতুন ঠিকানায় কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের সেবামূলক উদ্যোগকে আরও বিস্তৃত করতে চায়।
সংশ্লিষ্টদের মতে, মাদকাসক্তি কোনো ব্যক্তির একার সমস্যা নয়; এর প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। তাই পরিবারের কোনো সদস্য মাদকাসক্ত হয়ে পড়লে তাকে লুকিয়ে রাখা কিংবা সামাজিক সম্মানের ভয়ে চিকিৎসা নিতে দেরি করা উচিত নয়। বরং সমস্যাটি চিহ্নিত হওয়ার পর দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা জরুরি।
নিউ প্রশান্তি কর্তৃপক্ষ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, সন্তানদের আচরণ, চলাফেরা ও মানসিক পরিবর্তনের বিষয়ে সচেতন থাকতে হবে। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তাদের সময় দেওয়া, খোঁজখবর রাখা এবং প্রয়োজনে সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। প্রিয় সন্তানের নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত ভবিষ্যৎ গড়তে অবহেলা না করে সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে প্রতিষ্ঠানটি।
দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে নিউ প্রশান্তি।
যোগাযোগ: নিউ প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র , ঠিকানা: এতিমস্কুল রোড, বাগবাড়ী, সিলেট। মোবাইল: ০১৭১২-২৭৩৬৬৫
০১৭৩৭-৭৫৮৬৭৮, ০১৭৪২-২৪০০৭০
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন