
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: ‘নজরুল বর্ষ’ উপলক্ষে নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম তুলে ধরতে সিলেটের গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রশাসনিক সম্মেলনকক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ সাল পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় কবির অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা, সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণদের নজরুলের বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ করে সুস্থ সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতেও এ প্রতিযোগিতা সহায়ক হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশোধিত সূচি অনুযায়ী প্রতিযোগিতা ৩১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে। গোয়াইনঘাট উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে এতে অংশ নিতে পারবে।
প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নজরুলসংগীতভিত্তিক একক নৃত্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বয়স ও শ্রেণিভেদে শিক্ষার্থীদের পৃথক ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নজরুলসংগীত ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন