
যুগভেরী ডেস্ক ::: ইতালি থেকে বিমানে করে দেশে ফেরার পথে আকস্মিভাবে মারা গেলেন বড়লেখার প্রবাসী ফখরুল ইসলাম। সাত বছর পর প্রবাস থেকে পরিবারের কাছে ফিরছিলেন ফখরুল।
সোমবার (১৩ জুলাই) জর্জিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ফখরুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের মহুবন্দ গ্রামের আব্দুল অকিদের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, দীর্ঘদিন ইতালিতে বসবাস ও কর্মজীবন শেষে ফখরুল ইসলাম তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরছিলেন। যাত্রাপথে বিমানের মধ্যেই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে বিমানটি জর্জিয়ায় জরুরি অবতরণ করে। সেখানে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফখরুল ইসলামের মামা লাল মিয়া জানান, সোমবার রাতেই তারা জর্জিয়া থেকে মৃত্যুর খবর পান। বর্তমানে মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে। তিনি এ বিষয়ে সরকার বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন