
যুগভেরী ডেস্ক ::: এখন থেকে দেশের সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১১ জুলাই) ইসি সচিবালয় সূত্রে এই নতুন সিদ্ধান্তের কথা জানা গেছে।
কমিশন জানায়, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ সংশোধন করে এই পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী, জেলা ও উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে ভোটগ্রহণের ১৫ দিন আগে কেন্দ্র চূড়ান্ত করার বিধান ছিল। নতুন সংশোধনীতে এই সময়সীমা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগে থেকেই ২৫ দিন আগে কেন্দ্র চূড়ান্ত করার নিয়ম চালু ছিল। সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে একটি অভিন্ন সময়সীমা বজায় রাখতেই জেলা ও উপজেলা পরিষদের ক্ষেত্রেও এই রূপান্তর ঘটানো হয়েছে।
নীতিমালার আরেকটি গুরুত্বপূর্ণ সংশোধনীতে ভোটকক্ষ বা বুথ স্থাপনের নিয়মও সুনির্দিষ্ট করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি ৬০০ জন পুরুষ ভোটারের জন্য একটি এবং প্রতি ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে বুথ নির্ধারণ করতে হবে।
এদিকে বর্ষা ও বন্যা মৌসুম শেষে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই স্থানীয় সরকারের ভোট উৎসব শুরু করার মহাপরিকল্পনা নিয়েছে ইসি। এর অংশ হিসেবে আগস্টের মাঝামাঝি সময়ে প্রথম ধাপের তফশিল ঘোষণার প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনের প্রাক-প্রস্তুতি হিসেবে স্থানীয় সরকারগুলোর সীমানা বিন্যাসের কাজ দ্রুত সম্পন্ন করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগকে তাগিদ দিয়ে চিঠি পাঠিয়েছে কমিশন।
একই সঙ্গে কোন প্রতিষ্ঠানের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল, সেই তথ্যও দ্রুত জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া দেশের বেশিরভাগ স্থানীয় সরকার প্রতিষ্ঠানই প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন