এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

গোয়াইনঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
গোয়াইনঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত কামরুল ইসলাম (৪০) উপজেলার লেঙ্গুরা গ্রামের কুতুব আলীর ছেলে। সোমবার (২২ জুন) দুপুরে লেঙ্গুরা ইউনিয়নের নদীরপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে কামরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে সোমবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের শুরুতে কামরুল ইসলাম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের মেয়ে মোসাম্মৎ রুকছানা আক্তারকে আঘাত করেন। এতে তিনি বাম হাতে গুরুতর আহত হন। খবরটি ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে কামরুল ইসলামের ওপর পাল্টা হামলা চালায়।

এ সময় কামরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত বিল্লাল হোসেন, তার মেয়ে রুকছানা আক্তার এবং জুনেদ আহমদ বর্তমানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানায়, ঘটনাটির প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

গোয়াইনঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩

২২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »