এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

জৈন্তাপুরে পুলিশের অভিযানে প্রায় ১৭ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা জব্দ

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
জৈন্তাপুরে পুলিশের অভিযানে প্রায় ১৭ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া এলাকার একটি টিনশেড ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ওই ঘর থেকে ৭৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ২ হাজার ২৫০ কেজি জিরা পাওয়া যায়। বর্তমান বাজারে প্রতি কেজি জিরার আনুমানিক মূল্য ৭৫০ টাকা হিসেবে জব্দকৃত চালানের মোট বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ উপায়ে বাংলাদেশে এনে জিরাগুলো গোপনে মজুদ করে রাখা হয়েছিল। তবে অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন