প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা : প্রবাসীকল্যাণ মন্ত্রী
প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা : প্রবাসীকল্যাণ মন্ত্রী
Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, প্রবাসে লোক পাঠানোর নামে যেসব প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিচ্ছে সেসব জাল চক্রের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে।
সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তার জন্য চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রবাসী কল্যান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি আরো বলেন, শ্রমিকদের সর্বোচ্চ সহযোগিতার লক্ষে দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধনের পদক্ষেপ নিয়েছে সরকার।
এছাড়াও, সড়ক দুর্ঘটনায় সহ কর্মস্থলে বিভিন্ন দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিক পরিবারকে সহায়তার পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে মৃত শ্রমিকদের ব্যাপারেও সরকার সার্বিক সহযোগিতা করার পরিকল্পনার কথা জানান মন্ত্রী।
এর আগে চেক বিতরণ অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ২০১ জন আহত ও নিহত শ্রমিক পরিবারের মধ্যে ৬৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সর্বনিম্ন ১০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত শ্রমিক পরিবারকে বিতরণ করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, ডিআইজি ড. মো. জিললুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক সন্দীপ কুমার সিংহ প্রমুখ।
উল্লেখ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনে ঈদের আগে সাম্প্রতিক বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত হওয়া শ্রমিকের পরিবারের মধ্যে এ চেক বিতরণ করা হয়।