
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিকরা এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। এসময় তাদের হামলায় আহত হন ৫ পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই আব্দুল হামিদ, কনস্টেবল আজিজুর রহমান, দীপংকর হাজং, শহীদ আহমেদ ও মাসেক মিয়া।
রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ গেইটের সামনে চেকপোস্টে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় অবৈধ বালু পাথর পরিবহনের বিরুদ্ধে উপজেলা পরিষদ গেইটের সামনে পুলিশ নিয়মিত চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করে আসছে। প্রতিদিনের মতো রবিবার সকালে এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে চেকপোস্টে ২টি ট্রাক আটক করা হয়। একটি ট্রাকে বালু ও একটিতে পাথর বুঝাই ছিল। বালু ও পাথরের বৈধ কাগজ দেখতে চাইলে বাকবিতন্ডায় জড়ায় ট্রাকের ড্রাইভার। এর কিছুক্ষণ পর সাদাপাথর পরিবহনের একটি বাসে করে ৩০-৪০ জন এসে পুলিশের উপর হামলা করে ট্রাক ২টি ছিনিয়ে নিয়ে যায়। এসময় ৫ পুলিশ সদস্য আহত হন। পরে তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপার পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ০৩। তাং৫/১০/২০২৫। মামলায় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৬০/৭০ জনকে আসামী করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ রতন শেখ জানান, বালু পাথর বুঝাই ২টি ট্রাক আটক করে বালু পাথর ও গাড়ির বৈধ কাগজপত্র পুলিশ দেখতে চাইলে ড্রাইভার ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদকে খবর দেয়। কিছুক্ষণ পর মাহফুজের নেতৃত্বে ২ গাড়ি শ্রমিক এসে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা করে গাড়ি নিয়ে যায়। বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন