
সংসদীয় আসন সিলেট-১ এর সীমানা অক্ষুণ্ণ রাখার দাবিতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার তিনটি ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের কাছে ৩টি ওয়ার্ডের বিশিষ্টজনেরা এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন কর্তৃক সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডকে সংসদীয় আসন সিলেট-১ থেকে কেটে সিলেট-৩ আসনের সাথে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবনাটি তৈরির আগে উক্ত ওয়ার্ডগুলোর ভোটারদের মতামত নেওয়া হয়নি এবং কোনো ধরনের গণশুনানির আয়োজন করা হয়নি, যা ‘সংসদীয় আসন সংক্রান্ত সীমানা নির্ধারণ আইন, ২০২১’-এর পরিপন্থী। এর ফলে তিনটি ওয়ার্ডের জনগণ তাদের মতামত প্রকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই একতরফা পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে এবং উল্লিখিত আইন লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে নেতৃবৃন্দ অবিলম্বে এই প্রস্তাবনা বাতিলের দাবি জানান। তারা সিলেট সিটি কর্পোরেশনের পুরাতন এই তিনটি ওয়ার্ডকে পুনরায় সিলেট-১ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। স্মারকলিপি প্রদানকালে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক, জামায়াত নেতা মনসুর হোসেন খান, অ্যাডভোকেট তাজ উদ্দিন, বিএনপি নেতা মো. ইছহাক মিয়া, মুর্শেদ মুকুল, অ্যাডভোকেট মাধব চন্দ্র, বিএনপি নেতা আকতার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, সমাজকর্মী শাহেদ আরবী, সুমন আহমদ চৌধুরী, বাবর হোসেন, সংবাদকর্মী আফরোজ খান, দৈনিক শ্যামল সিলেটের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক, সমাজসেবী শামিম আহমদ, লুতফুর রহমান, বিএনপি নেতা উজ্জ্বল রঞ্জন, সালাহউদ্দিন রিমন, যুবদল নেতা শাকিল মোর্শেদ, মোহন বক্স, মাশুক আহম্মদ, আব্দুল হাই, বিএনপি নেতা আফছর আহমদ, আব্দুস সাত্তার মশুন এবং দুলাল আহমদ। প্রেস বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন