এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সড়কেই ঝরে গেল স্নেহার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন

Daily Jugabheri
প্রকাশিত 06 August, Wednesday, 2025
সড়কেই ঝরে গেল স্নেহার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জ-সিলেট সড়কে একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার দুপুরে সড়কের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী ও চালক।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন শিক্ষার্থী আফসানা জাহান খুশি (১৮) ও স্নেহা চক্রবর্তী (১৭) এবং শফিকুল ইসলাম (৫৫)। আহত ব্যক্তিরা হলেন ঐশী রানী পাল (১৮) ও অটোরিকশাচালক রসিদ মিয়া (৪৫)।

স্নেহা চক্রবর্তী শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষে অটোরিকশায় করে সুনামগঞ্জ পৌর শহরের বাসায় ফিরছিলেন। তার গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে। শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান সুনামগঞ্জ পৌর শহরের আরপিননগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে। নিহত শফিকুল ইসলাম সুনামগঞ্জ শহরের আলীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটোরিকশাটি শান্তিগঞ্জ থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জ শহরে আসছিল। পথে বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে।

দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী বাস ফেলে পালিয়ে যান। ওই বাসে থাকা ছোটন দাস নামের এক যাত্রী জানান, তিনি বাসের পেছনের দিকের একটি আসনে বসা ছিলেন। বাহাদুরপুর এলাকায় যাওয়ার পর তাঁর মনে হয়েছে, বাসটি হোঁচট খেয়েছে। পরে তাঁরা দেখেন, বাসটি সড়কের একেবারে কিনারে দাঁড়িয়ে আছে এবং চালক ও চালকের সহকারী নেমে দ্রুত সেখান থেকে চলে যান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, নিহত ব্যক্তিদের মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
06 August 2025

সড়কেই ঝরে গেল স্নেহার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন

বিস্তারিত কমেন্টে